সহযোগিতার নতুন রূপরেখা দিতে পারে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে নতুন একটি রূপরেখা উপস্থাপন করতে পারে ভারত। পানি ও বিদ্যুতের পাশাপাশি আরও কয়েকটি বিষয় এই রূপরেখায় অন্তর্ভুক্ত হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা তাঁর সাম্প্রতিক ঢাকা সফরের সময় সহযোগিতার এই নতুন রূপরেখার কথা উল্লেখ করেন। তবে তাতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তা তিনি ঊহ্য রেখেছেন। তবে কৃষ্ণার ঢাকা সফরের পর নতুন রূপরেখার ব্যাপারে দুই দেশই কাজ শুরু করেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁদের নিজ নিজ কার্যালয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে। বাংলাদেশ সফরে এসে মনমোহন সিং যে নতুন সহযোগিতার বিষয়ে ঘোষণা দিতে পারেন, সে ব্যাপারে দিল্লিতেও আলোচনা চলছে বলে জানা গেছে।কূটনৈতিক সূত্র জানায়, পানি সমস্যার সমাধানে অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায় আগ্রহী বাংলাদেশ। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপনেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ বিষয়গুলো ভারতের প্রস্তাবিত অধিকতর সহযোগিতার রূপরেখার আওতায় আসতে পারে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি উপ-আঞ্চলিক কাঠামোর আওতায় বাংলাদেশ পানি, জ্বালানি, যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আগ্রহ ব্যক্ত করে। ভারতের সঙ্গে গত দুই বছরে বিভিন্ন পর্যায়ে এসব বিষয়ে আলোচনা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তবে দুই দেশের শীর্ষ নেতৃত্বই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ায় গত ছয় মাসে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে সূত্র জানায়। তিস্তার অগ্রগতি কলকাতার বৈঠকে: তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে পানিসম্পদসচিব পর্যায়ের বৈঠক দিল্লিতে গত মাসে শেষ হয়েছে। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দেশের পানিসম্পদমন্ত্রীদের বৈঠক। পানির হিস্যা ও খুঁটিনাটি বিষয়ে আলোচনার জন্য ৫ জুলাই কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। জানা গেছে, কলকাতার ওই বৈঠকে পানির হিস্যাসহ বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে, ভারতের ক্ষমতাসীন সরকার প্রগতিশীল গণতান্ত্রিক জোটের (ইউনাইটেড পিপলস অ্যালায়েন্স—ইউপিএ) অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রীও বাংলাদেশের সঙ্গে চুক্তিটি সই করার ব্যাপারে রাজ্য সরকারের বিশেষ আগ্রহের বিষয় বৈঠকে উল্লেখ করেন। দুই বন্দরের চুক্তি নিয়ে সংশয়: চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতে এবং তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনে বাংলাদেশকে একটি চুক্তি সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ‘চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারবিষয়ক ভারত ও বাংলাদেশের মধ্যে প্রটোকল’ শীর্ষক ভারতের প্রস্তাবিত সাত বছর মেয়াদি চুক্তিতে ১৫টি রুটের উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই চুক্তিটি মনমোহন সিংয়ের আসন্ন সফরকালে সই হবে কি না, তা নিশ্চিত নয়। কারণ ট্রানজিট মাশুল নির্ধারণের আগে কোনো চুক্তি সই করার পক্ষপাতী নয় বাংলাদেশ। তা ছাড়া ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়ার জন্য সরকার বিষয়টি সমন্বিতভাবে সমাধান করতে চায়। ৭ জুলাই বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিষয়টি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দরবিষয়ক চুক্তিটি স্বাক্ষরের পর্যায়ে আসেনি। এখন যে সময় আছে, তাও চুক্তি সইয়ের জন্য যথেষ্ট নয়। তাই মনমোহনের সফরের আগে ট্রানজিটের রূপরেখা চুক্তি ধরনের কিছু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।