সহযোগীসহ উলফা নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন (৪৬) ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।র‌্যাব জানায়, রঞ্জন চৌধুরী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাংগঠনিক সম্পাদক। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, রিভলবারের চারটি গুলি, চারটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এগুলো নিয়ে তাঁরা ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছিলেন।র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের উপ-কমান্ডার শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, র‌্যাব সদর দপ্তরের পর্যবেক্ষণে ভোররাতে ভৈরবে অভিযান শুরু হয়। ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি হাসপাতালের কাছ দিয়ে হেঁটে যাওয়ার সময় রঞ্জন ও প্রদীপকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ঢাকায় র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখান থেকে বিকেলে আবার তাঁদের ভৈরবে আনা হয়। তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশ, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে ভৈরব থানায় মামলার প্রস্তুতি চলছে। লক্ষ্মীপুরের কয়েকজন দোকানি জানান, দুই ব্যক্তি হেঁটে যাওয়ার সময় র‌্যাবের একটি গাড়ি তাঁদের সামনে থামে এবং তাঁদের ঘিরে ফেলে। ওই দুজনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা শহীদ মিয়াসহ কয়েকজন জানান, ওই দুজনকে তাঁরা এলাকায় আগে কখনো দেখেননি।দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল সংবাদ ব্রিফিংয়ে বলেন, র‌্যাবের গোয়েন্দা শাখা জানতে পারে, কিছু সশস্ত্র বহিরাগত অনুপ্রবেশকারী অবৈধভাবে ভৈরবে অবস্থান করছে। গত শুক্রবার র‌্যাবের গোয়েন্দা শাখা নিশ্চিত হয়, অনুপ্রবেশকারীরা লক্ষ্মীপুরে অবস্থান করছে। এর ধারাবাহিকতায় সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৯-এর একটি দল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রঞ্জন চৌধুরী নিজেকে উলফা নেতা ও প্রদীপ মারাককে তাঁর সহযোগী বলে স্বীকার করেন।এম সোহায়েল বলেন, জিজ্ঞাসাবাদে রঞ্জন চৌধুরী র‌্যাবকে জানিয়েছেন, ১৯৮৮ সালে তাঁর সঙ্গে উলফার প্রয়াত দুই নেতা অবিনাশ অধিকারী ও দিগন্ত দাসের পরিচয় হয়। এরপর তিনি উলফার সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। ১৯৯০ সালের শেষ দিকে তিনি উলফার অধীনে আসামের গোয়ালপাড়া ও মেঘালয়ে তিন মাসের সামরিক প্রশিক্ষণ নেন। তিনি এসএমজি, একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড চালানোয় পারদর্শী। ভারত সরকার উলফাকে নিষিদ্ধ করলে তিনি আসামের ভঙ্গাইগাঁও জেলায় আত্মগোপন করে সাংগঠনিক কার্যক্রম চালান। ১৯৯২ থেকে ’৯৪ সাল পর্যন্ত তিনি ওই রাজ্যের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটিকে সক্রিয় করেন। এর পুরস্কার হিসেবে ১৯৯৫ সালে তাঁকে সংগঠনের ধুবড়ী জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে তাঁকে আসামের সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৯৫ সালের জুনে রঞ্জন চৌধুরী উলফার শীর্ষনেতা পরেশ বড়ুয়ার নির্দেশে তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য ভুটানে যান। পরেশ বড়ুয়া তাঁকে বাংলাদেশে অবস্থানরত উলফার সেক্রেটারি জেনারেল অনুপ চেটিয়ার সঙ্গে সাক্ষাতের নির্দেশ দেন। ’৯৫ সালের জুলাইয়ে ভুটান থেকে ভারতে ফেরার পথে রঞ্জন গ্রেপ্তার হন। প্রায় এক বছর গুয়াহাটি কারাগারে আটক থেকে ’৯৬ সালের শেষ দিকে তিনি ছাড়া পান।কমান্ডার সোয়াহেল বলেন, রঞ্জন ১৯৯৭ সালের সেপ্টেম্বরে পরেশ বড়ুয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ভারত থেকে সড়কপথে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাঁর পাসপোর্ট নেই। সেলিম ও মিন্টু নামের দুই বাংলাদেশি তাঁকে কুড়িগ্রাম থেকে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এনে পরেশ বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। পরেশ তাঁকে দিকনির্দেশনা দিয়ে উলফার সদস্য মানিক কোর্চের তত্ত্বাবধানে শেরপুরে পাঠান। এর পর থেকে তিনি শেরপুর থেকে আসামে যাওয়া-আসা করতেন। সাংগঠনিক কার্যক্রমের গোপনীয়তা রক্ষা ও স্থানীয় লোকজনের সন্দেহ দূর করতে রঞ্জনকে শেরপুরের সীমান্তবর্তী গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাসের জন্য সংগঠন থেকে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ২০০১ সালে মণীন্দ্র হাগিদরের মেয়ে সাবিত্রী ভ্রুমকে বিয়ে করেন। বিয়ে অনুষ্ঠানে উলফার শীর্ষনেতা পরেশ বড়ুয়া ও শশধর চৌধুরীসহ কয়েকজন উপস্থিত ছিলেন।সোহায়েল আরও বলেন, জিজ্ঞাসাবাদে রঞ্জন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া প্রদীপ ঢাকায় একটি এনজিওতে চাকরি করতেন। ১৯৯৭ সালে তাঁর সঙ্গে পরিচয়ের পর প্রদীপ চাকরি ছেড়ে উলফাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।রঞ্জন সিসিম ওরফে মেজর রঞ্জন ওরফে প্রদীপ রায়, দ্বীপ জ্যোতি, রঞ্জু বাড়ৈ ও মাসুদ চৌধুরী—এ রকম নাম ব্যবহার করে বাংলাদেশে অবস্থান করতেন। তিনি আসামের ধুবড়ীর গৌরীপুর থানার শোলামারির মধুগ্রামের বাসিন্দা। প্রদীপ শেরপুরের ঝিনাইগাতীর বাঁকাকুড়ার বাসিন্দা।ব্রিফিংয়ের আগে গণমাধ্যমে কর্মরত ক্যামেরাম্যানদের ছবি তোলার পর রঞ্জন ও প্রদীপকে র‌্যাব সদর দপ্তরের হাজতে পাঠিয়ে দেওয়া হয়। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে পরেশ বড়ুয়ার অবস্থান সম্পর্কে তথ্য নেওয়া হবে।ব্রিফিং শেষে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, রঞ্জন র‌্যাবকে জানিয়েছেন, উলফার তহবিল থেকে প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণের জন্য মাসিক ছয় হাজার টাকা, সদস্যের সন্তানদের পড়াশোনার জন্য পাঁচ হাজার টাকা ও চলাফেরার জন্য একটি মোটরসাইকেল দেওয়া হয়। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, যে দেশেরই সন্ত্রাসী হোক, তাদের দেশের ভেতর কিংবা বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না, এমন নির্দেশনা সরকারের রয়েছে। সংবাদ ব্রিফিং শেষে সহযোগীসহ রঞ্জনকে ভৈরব থানায় সোপর্দ করা হয়। তাঁদের রিমান্ডে নিয়ে বাংলাদেশে আত্মগোপনে থাকা উলফার সদস্যদের বিষয়ে খোঁজ নেওয়া হবে। তাঁদের সঙ্গে এই দেশে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।