সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য বিষয়গত জ্ঞানার্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন। আজ শনিবার সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সপ্তাহব্যাপী আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস-২০১২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘খেলাধুলা ও শরীরচর্চা সহশিক্ষা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য। জ্ঞান, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে পূর্ণ বিকাশ সাধন করতে হবে। সুস্বাস্থ্য অর্জন করতে হলে খেলাধুলা আর শরীরচর্চার বিকল্প নেই।’উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ। অনুষ্ঠানে খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন প্রতিযোগী খেলাধুলার মাধ্যমে নিজেকে দৃঢ় প্রত্যয়ী করে গড়ে তোলার অনুশীলন করতে পারে। খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে অন্যকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছাতে হলেও তা নিয়মের মধ্যে থেকেই করতে হবে। প্রতিযোগিতায় অবতীর্ণ হলে শেখা যায় বিজয়ে কীভাবে সংযত থাকতে হয়, আর পরাজয়ে কীভাবে অবিচল থাকতে হয়।’ আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা ক্রীড়াবিদ শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ধরনের অবদান রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেন। এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার মান বৃদ্ধি ও জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের সার্বিক উত্কর্ষ অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮০০ জন খেলোয়াড় পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন। ইভেন্ট পাঁচটি হচ্ছে: ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল ও অ্যাথলেটিক।