সহস্রাব্দের লক্ষ্য অর্জনে বাংলাদেশে এগিয়ে ঝিনাইদহ, পিছিয়ে বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঝিনাইদহ। আর সবচেয়ে খারাপ অবস্থানে আছে বান্দরবান। পাঁচ বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে শেরপুরে সবচেয়ে বেশিসংখ্যক ১০২টি শিশুর মৃত্যু হয়। পাবনায় এই মৃত্যুর ঘটনা ঘটে ৪৩টি। প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার সবচেয়ে বেশি খুলনা বিভাগের মেহেরপুরে আর সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগের বান্দরবানে।ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ ব্যুরো অব স্যাটিসটিকস (বিবিএস) পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। আজ রোববার রাজধানীর একটি হোটেলে জরিপের প্রতিবেদন উপস্থাপন করা হয়। ২৪টি নির্দেশকের ভিত্তিতে পরিচালিত নয়টি নির্দেশকের ফলাফলের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি হয়েছে। ২০০৯ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৩০ হাজার খানা থেকে জরিপের উপাত্ত সংগ্রহ করা হয়।জরিপের ভিত্তিতে পাওয়া ফলাফলে দেখা যায়, শিক্ষা, শিশুস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, এইচআইভি-এইডস, নিরাপদ পানীয় জল ও উন্নত পয়োনিষ্কাশনের সুবিধাসম্পর্কিত নির্দেশকগুলোর ভিত্তিতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ ফলাফল করা জেলাগুলোর মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ভৌগলিক বৈষম্য প্রকট। প্রসবকালে মেহেরপুরের ৬১ শতাংশ মা দক্ষ ধাত্রীর সহায়তা পান। কিন্তু বান্দবানের মাত্র আট শতাংশ মা তাঁদের সন্তান প্রসবকালে এই সুযোগ পান। সারা বাংলাদেশে গড়ে মাত্র ২৫ শতাংশ মা প্রবসকালীন এই সেবা পেয়ে থাকেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। মেহেরপুরের ৯১ শতাংশ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে গেলেও বান্দরবানে এই চিত্র ভিন্ন। সেখানে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীর হার মাত্র ৬১ শতাংশ। আর সারা বাংলাদেশে এই হার প্রায় ৮২ শতাংশ।অনুষ্ঠানে জানানো হয়, এবারই প্রথম এই জরিপের আওতায় ১৩ হাজার ৩০১টি পানির নমুনার আর্সেনিক মাত্রা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, ১২ দশমিক ৬ শতাংশ বাড়িতে ব্যবহূত পানির আর্সেনিকের মাত্রা সরকার নির্ধারিত পর্যায় অতিক্রম করেছে। আর্সেনিক দূষণের বিবেচনায় নিরাপদ পানীয় জলের সুযোগ কমে ৮৫ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। এ লক্ষ্যে পৌঁছাতে হলে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আগেই প্রয়োজন বিশ্বাসযোগ্য ও সময় উপযোগী তথ্যাবলি। সরকার দারিদ্র বিমোচনের জন্য ৬ষ্ঠ পঞ্চমবার্ষিকী পরিকল্পনা তৈরির কাজ করছে। এই কাজে জরিপে পাওয়া তথ্য কাজে লাগবে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি ক্যারেল ডি রয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হাবিবউল্লাহ মজুমদার, বিবিএসের মহাপরিচালক শাজাহান আলী মোল্লা প্রমুখ।