সহায় বুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তিত বিশ্বে বিভিন্ন দেশের ওপর প্রভাব বিস্তারে সামরিক শক্তিই প্রধান হাতিয়ার নয়; সংস্কৃতি কিংবা ধর্মের মতো বিকল্প ব্যবস্থাও সহায় হতে পারে। আঞ্চলিক রাজনীতি নিয়ন্ত্রণে সেই বিকল্প পথেই হাঁটছে এশিয়ার দুই উদীয়মান পরাশক্তি ভারত ও চীন। এশিয়ার বিভিন্ন দেশের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারে দুই দেশই বৌদ্ধধর্ম ও গৌতম বুদ্ধকে ব্যবহার করতে শুরু করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বুদ্ধকে নিয়ে সম্মেলন আয়োজন, বৌদ্ধ স্থাপনাগুলোতে অর্থায়ন এবং বৌদ্ধ অধ্যুষিত দেশগুলোতে বুদ্ধের পুরাকীর্তি প্রদর্শনের মাধ্যমে চীন ও ভারত নিজেদের ‘বুদ্ধসেবক’ হিসেবে জানান দিচ্ছে। গত ডিসেম্বরে মিয়ানমারের ইয়াঙ্গুনে ‘সিতাগু ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট অ্যাকাডেমি’র তিন দিনব্যাপী বৌদ্ধ ধর্মগুরুদের এক সম্মেলনের সহ-আয়োজক ছিল ভারত। মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট ইউ সাই মাউকের সঙ্গে যৌথভাবে ওই সম্মেলনের উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।ওই সম্মেলনে খুরশিদ বলেন, বিশ্বে মিয়ানমার এখন নতুন আগ্রহের জায়গা। তবে দেশটিতে বৌদ্ধধর্মের প্রভাবের গভীরতা এবং বিশ্বজুড়ে এর বিস্তার বোঝাতে বুদ্ধবিশেষজ্ঞদের নিয়ে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।খুরশিদ এ সময় মিয়ানমারের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত সোনালি শেদাগন প্যাগোডায় বুদ্ধের পাঁচ মিটার দীর্ঘ একটি মূর্তির উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বছরের মে মাসে মিয়ানমার সফরের সময় মূর্তিটি উপহার দেন।৯০ ভাগ বৌদ্ধধর্মাবলম্বীর দেশে সাংস্কৃতিকভাবে সম্পৃক্ত হতে বুদ্ধকে সামনে নিয়ে আসার ব্যাপারটি আপাতভাবে স্বাভাবিক। তবে ভারত প্রতিবেশী দেশে বুদ্ধের প্রতি অব্যাহত সম্মান দেখাচ্ছে চীনের সঙ্গে পাল্লা দিয়ে। সম্প্রতি চীনের কয়েকটি উদ্যোগ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। ২০১১ সালের নভেম্বরে মিয়ানমারের রাজধানী নেপিডো, রেঙ্গুনসহ কয়েকটি শহরে বুদ্ধের দাঁতের একটি পুরাকীর্তির ভ্রাম্যমাণ প্রদর্শনী এর অন্যতম।পুরাকীর্তিটি চীনের রাজধানী বেইজিংয়ের লিংগুয়াং সি মন্দিরে সংরক্ষিত ছিল। মিয়ানমারে এটির প্রদর্শনীতে বিপুল পুণ্যার্থীর সমাগম হয়েছিল। বিষয়টি নিয়ে চীনের গণমাধ্যমে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর জের ধরে চীনের লিংগুয়াং সি মন্দির ও মিয়ানমারের শেদাগন প্যাগোডার মধ্যে বৌদ্ধধর্ম প্রসারের একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়।চীনের উল্লিখিত উদ্যোগের পর থেমে ছিল না ভারতও। সম্প্রতি মিয়ানমারের সংঘাতপীড়িত রাখাইন রাজ্যের সিত্তে বিমানবন্দরের আধুনিকায়নের কাজ করেছে ভারত। একই সঙ্গে সীমান্তবর্তী কালাদান নদীতে খননের কাজও করছে তারা। এদিকে, রাখাইন রাজ্যের কিয়াকপিয়োতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে চীন। ওই বন্দর থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত তেল-গ্যাসের পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন করতে চায় চীন। এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যকার মালাক্কা প্রণালি ব্যবহার করা হতো। তেল পরিবহনের ক্ষেত্রে চীনের এ অবস্থান তাদের নতুন নীতিরই ইঙ্গিত দেয়।বৌদ্ধধর্মের ব্যবহার ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে ভারত ও চীনের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা নেপালেও অব্যাহত আছে। সেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর উন্নয়নে ৩০০ কোটি ডলারের একটি উন্নয়নকাজে অর্থায়ন করেছে চীন। এ নিয়ে ২০১১ সালে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বেইজিংভিত্তিক এশিয়া প্যাসিফিক এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন ফাউন্ডেশন। ওই প্রকল্পের মধ্যে আছে: নতুন বিমানবন্দর নির্মাণ, একটি মহাসড়ক সংযোগ, হোটেল, সম্মেলনকেন্দ্র, মন্দির ও বিশ্ববিদ্যালয় নির্মাণ।চীনের ওই উদ্যোগের কয়েক মাস পর দিল্লিভিত্তিক অশোকা মিশনের আয়োজনে বিশ্ব বৌদ্ধধর্মাবলম্বীদের এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ভারত। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ ভিক্ষুরা যোগ দেন। সম্মেলনে চীনাদের চক্ষুঃশূল তিব্বতের ধর্মীয় নেতা নোবেলজয়ী দালাই লামাও উপস্থিত ছিলেন। ওই সম্মেলনেই ‘ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন’ নামে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। ওই সংগঠন দালাই লামার প্রতি সমর্থন ব্যক্ত করে। এতে আপত্তি জানায় চীন। তা সত্ত্বেও সম্মেলনের সমাপনী বক্তব্য দেন দালাই লামা। বোদ্ধাদের মতে, নেপালের লুম্বিনীতে চীনের উন্নয়ন প্রকল্পের জবাব দিতেই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন গঠিত হয়েছে ভারতে। এদিকে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারকে নিয়ে চীনের পরিকল্পনায় শঙ্কিত ভারত। তাই এ থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে ভারতও। গত বছরের আগস্টে ভারতের নয়াদিল্লির জাতীয় জাদুঘরে সংরক্ষিত নেপালের কপিলাবস্তুর কয়েকটি মূর্তি প্রদর্শনীর জন্য শ্রীলঙ্কায় নিয়ে যায় ভারত। ওই মূর্তিগুলো দেখতে এবং এগুলোর সামনে প্রার্থনা করতে বিপুলসংখ্যক পুণ্যার্থী জড়ো হয়। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারে গৌতম বুদ্ধকে বড় ধরনের সহায় ভাবছে ভারত ও চীন। তাই তাঁকে কেন্দ্র করে বৌদ্ধপ্রধান দেশগুলোতে নীরবে শক্তি বাড়ানোর চেষ্টা করছে দেশ দুটি।