সহায়তা না পেয়ে জেলেরা ঋণের জালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণ মৌসুমে জেলেদের পুনর্বাসন-সহায়তা বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। মৌসুমের নির্ধারিত দুই মাস পার হয়ে গেলেও বহু জেলের ভাগ্যে জোটেনি এ সহায়তা। ১ মে রোববার থেকে মাছ ধরা শুরু হলেও অভাব না কাটায় জেলেদের অনেকেই ঋণে জড়িয়ে গেছেন।ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীর নির্দিষ্ট এলাকায় মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়। এ সময় জেলেদের দুই ধরনের সহায়তা দেয় সরকার। বিকল্প কর্মসংস্থানে বিশেষ সহায়তা হিসেবে উপকরণ-সহায়তা এবং সাধারণ সহায়তা হিসেবে মাথাপিছু মাসে ২০ কেজি করে চাল দেওয়া হয়। চাল দেওয়া অব্যাহত থাকে আরও দুই মাস।চাঁদপুর, ভোলা ও লক্ষ্মীপুরে মেঘনার তীরের অনেক জেলের সঙ্গে কথা বললে তাঁরা জানান, জাটকা সংরক্ষণ মৌসুমে ইলিশ শিকারি জেলেদের জন্য বরাদ্দ-সহায়তা সঠিকভাবে বিতরণ করা হয়নি। মাথাপিছু ২০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ১৫ থেকে ১৮ কেজির বেশি কেউই পাচ্ছেন না। বিকল্প কর্মসংস্থানের বিশেষ সহায়তা বিতরণেও অনিয়ম হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছেন অনেক প্রকৃত জেলে।অভিযোগ করা হয়েছে, সাহায্যের তালিকায় নাম ওঠা চাঁদপুর সদরের শ্রীরামদী এলাকার মরণ বেপারী, সফিক জমাদ্দার, নূরু মেম্বর, তাজুল শেখ, সাখুয়া ইউনিয়নের বহেরার তাজুল মেম্বর, রঘুনাথপুরের কাদির মেম্বর এবং বহরিয়ার আবুল শেখ ও সাত্তার গাজী জেলে নন। কিন্তু তাঁরা প্রত্যেকে একাধিক নামে সহায়তা পাচ্ছেন। সাখুয়ার বহরিয়া এলাকার মৎস্যজীবীরা জানান, বহরিয়ার জেলে আলাল, কালাম, শাহীন, হাবিবুল্লাহ, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রায়হান মোল্লা, রফিক মোল্লাসহ অনেকেই সহায়তা পাননি। ইদ্রিস নামে একজন বলেন, ‘দুইবারে ৪০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও পাইছি ৩০ কেজি।’সাখুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফেজ বেপারী অবশ্য প্রথম আলোকে বলেন, ‘জেলেদের তালিকা তৈরির কমিটিতে অনেকেই আছেন। অনিয়ম হওয়ার কোনো সুযোগই নেই। কোনো অভিযোগ আমরা পাইনি।’চালের পরিমাণ কম দেওয়া প্রসঙ্গে হাফেজ বেপারী দাবি করেন, গুদাম থেকে আসা চালের সবটাই জেলেদের দেওয়া হয়। গুদামের বস্তায় কম থাকলে তাঁরাও কম পাবেন।উত্তর চরবংশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদ হোসেন দেওয়ান বলেন, ‘যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে আমরা যথাযথভাবে জেলেদের সাহায্য দিতে পারি না। তবে আমার তালিকা স্বচ্ছ। এতে কোনো অভিযোগ নেই।’লক্ষ্মীপুর রায়পুরের নাইয়াপাড়া গ্রামে প্রায় দেড় হাজার জেলে আছেন, যাঁদের জীবিকা পুরোপুরি মাছ ধরার ওপর নির্ভরশীল। গ্রামে ঢুকতেই অনেকে আকুতি জানাতে ছুটে আসেন। কেউ মাত্র একবার পেয়েছেন সাহায্য, কেউ মোটেই পাননি। তাঁদের মধ্যে ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র তিনজন সহায়তা পেয়েছেন।কোনো সাহায্য পাননি জানিয়ে নাইয়াপাড়ার একজন জেলে মন্তব্য করলেন, মেম্বর-চেয়ারম্যানরা ‘ভোট বাঁচানোর জন্য’ তালিকা করেন। তাঁরা নাম লেখেন বলেই সমস্যা হয়। খাসেরহাট মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারী জানান, তালিকায় প্রকৃত জেলেদের নাম ওঠে না। অনেক অনিয়ম হচ্ছে। নাইয়াপাড়ায় মাত্র ২২০ জন সাহায্য পান বলে উল্লেখ করে মোস্তফা বেপারী জানান, জাটকা সংরক্ষণ করতে হলে জেলেদের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।নয় ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ মাছকে জাটকা বলা হয়। এই অপরিণত ইলিশ না ধরে তাকে বড় হওয়ার সুযোগ দিলে বছরে আরও কয়েক লাখ টন বাড়তি মাছ উৎপাদন সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন। এ কারণে সরকার ইলিশ বড় হওয়ার সময়কালে নদীর সংশ্লিষ্ট স্থানে মাছ ধরা নিষিদ্ধ করেছে।প্রথম আলোর প্রশ্নের জবাবে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, তালিকা তৈরিতে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। তিনি আরও জানান, জেলেদের পরিচয়পত্র দেওয়া হলে কোনো সমস্যা থাকবে না।জেলেদের তালিকা তৈরি বা চাল বিতরণে কোনো অভিযোগ পাননি বলে চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা প্রথম আলোকে জানান, কোথাও কম চাল দেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। মাথাপিছু চাল বরাদ্দের পরিমাণ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।মহাজনি ঋণই ভরসা: জাটকা সংরক্ষণ মৌসুমের সংকট কাটাতে এই অঞ্চলের জেলেরা ঋণের জালে জড়িয়ে পড়েছেন। বেশির ভাগ জেলে ঋণ নিয়েছেন মহাজনদের কাছ থেকে। চাঁদপুরের সোবাহান চোকদার ঋণী হয়েছেন ৬০ হাজার টাকা। পৌরসভার হরিসভা এলাকার জেলে আবদুর রহমান হাওলাদার এনজিওর কাছ থেকে ১৫ হাজার এবং মহাজনের কাছ থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়েছেন। মেঘনাতীরের মৎস্যজীবী সব জনপদের চিত্র একই।অভিযানের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ: ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দুই মাস ইলিশ ধরা বন্ধ রাখলেও জাটকা সংরক্ষণ অভিযানের সফলতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। পুনর্বাসন কর্মকাণ্ডের দুর্বলতা ছাড়াও জাটকা ধরাবিরোধী অভিযান লোকবল ও যানবাহনের অভাবে অনেকটাই নখদন্তহীন। নিষিদ্ধ সময়ও ইলিশ অভয়াশ্রমে জাল ফেলতে দেখা যায়। বাজারে অহরহ পাওয়া যায় জাটকা।সমস্যার কথা স্বীকার করে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা প্রথম আলোকে জানান, জনবল ও যানবাহন-সংকটের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। গভীর রাতে কারেন্ট জাল দিয়ে যারা মাছ ধরে, তাদের ধরা খুবই কঠিন। তার পরও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও জাল পুড়িয়ে ফেলা হয়েছে।রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কাওসার বলেন, ‘আমরা ১০০ ভাগের এক ভাগ করতে পারছি। আমাদের দ্রুতগামী নৌযান না থাকায় সামনে দিয়েই জেলেরা মাছ ধরে পালিয়ে যায়।’