সহায়তার অভিযোগ নাকচ গিলানির
সবার চোখে ধুলো দিয়ে ওসামা বিন লাদেন কী করে এত দিন অ্যাবোটাবাদের গোপন আস্তানায় লুকিয়ে ছিলেন, তা খতিয়ে দেখতে তদন্তকারী দল মাঠে নামানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। গতকাল সোমবার পার্লামেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ ঘোষণা দেন। একই সঙ্গে লাদেনের সঙ্গে পাকিস্তানের সরকারি কোনো সংস্থার যোগসাজশ ও সহায়তার অভিযোগ সরাসরি নাকচ করে দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার সিবিএস নিউজের (সিক্সটি মিনিটস) অনুষ্ঠানকে বলেন, লাদেনের সঙ্গে অবশ্যই পাকিস্তানের কোনো না কোনো নেটওয়ার্কের যোগসাজশ ছিল। পাকিস্তান সরকারের উচিত ওই চক্রকে খুঁজে বের করা। ওবামা বলেন, ‘আমরা মনে করি, পাকিস্তানের ভেতরে বিন লাদেনের একটা সহায়ক গ্রুপ ছিল। কিন্তু আমরা জানি না তারা কারা। তারা সরকারের ভেতরের, না বাইরের লোক, তা পাকিস্তানকেই তা খুঁজে বের করতে হবে।’ তিনি আরও বলেন, সে দেশের (পাকিস্তান) কেউ না কেউ তাঁকে অবশ্যই সহায়তা করেছে। ওবামার ওই বক্তব্যের পরের দিনই গতকাল গিলানি লাদেন ইস্যুতে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করলেন। গিলানি বলেন, পাকিস্তানের সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যোগ্যতা ও সামর্থ্য সম্পর্কে তাঁর সরকারের পুরো আস্থা রয়েছে। সরকারের কোনো মহলের সঙ্গে লাদেনের যোগসাজশ ছিল এবং লাদেনের অবস্থান জানতে ব্যর্থ হওয়ায় সরকারের অযোগ্যতা প্রমাণিত হয়েছে বলে যেসব অভিযোগ উঠেছে, তাঁকে তিনি ‘অসম্ভব’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে কোনো গোষ্ঠীর সঙ্গে লাদেনের সত্যিই কোনো যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। বিনা অনুমতিতে অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানকে পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে গিলানি বলেন, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন যখন হামলা চালায়, তখন যুক্তরাষ্ট্র রাশিয়াবিরোধী মুজাহিদদের মদদ দিয়ে আল-কায়েদা সৃষ্টির পথ উন্মুক্ত করেছিল। পরবর্তী সময়ে এসব যোদ্ধাকেই যুক্তরাষ্ট্র ‘বিপথগামী’ সামরিক শক্তি হিসেবে আখ্যায়িত করে। গিলানি আরও বলেন, ‘আল-কায়েদাকে আমরা পাকিস্তানে দাওয়াত করে আনিনি।’ তিনি বলেন, ২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানের তোরাবোরা পাহাড় থেকে লাদেনকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি মনে করেন, লাদেনকে এত দিনেও খুঁজে না পাওয়ার ব্যর্থতার দায় কেবল পাকিস্তান সরকারের নয়, এ দায় সারা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার ওপর বর্তায়। এএফপি, বিবিসি।