সহিংস জামায়াত, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের হরতাল ও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। যানবাহন ভাঙচুর, আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এ সময় ৯২টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও রাবার বুলেট ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে জামায়াত-শিবিরের নেতা-কর্মী, পুলিশসহ অন্তত ৪৩৭ জন আহত হন। আটক করা হয় অন্তত ৯৭ জনকে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী এলাকায় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পুলিশ কাঁদানে গ্যাসের শতাধিক শেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছোড়ে। নলকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ ও অন্তত ১০ জন আহত হন। এ সময় ছয়জনকে আটক করে পুলিশ। বেলকুচি পৌরসভার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের অন্তত ১৫ জন কর্মী আহত হন। এখানে তিনজনকে আটক করা হয়। উল্লাপাড়ায় উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল থেকে ইসলামী ব্যাংক, জামায়াতের কার্যালয় ও একটি বিদ্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জেলা শহরের ছয়টি স্থানে রাত ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।নাটোর: নাটোরে পুলিশের একটি রাইফেল ও একটি শটগান লুট করা হয়েছে। হামলাকারীরা পুলিশের দুই কনস্টেবলকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় জামায়াত-শিবিরের আটজনকে আটক করে পুলিশ। লালপুরের কদিমচিলানের গোধরা গ্রামে হরতাল-সমর্থকেরা পুলিশের গাড়িতে আগুন দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের সাত সদস্যসহ অন্তত ১১ জন আহত হন। গ্রেপ্তার করা হয় সাতজনকে। দিনাজপুর: দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রামডুবি এলাকা এবং জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। এ সময় কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। পুলিশ ও বিজিবি ৫০টির বেশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গুলি ছোড়ে অন্তত ১০০টি।গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজারে আওয়ামী লীগ-সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরে বেলকা মন্দির ভাঙচুর করা হয়। এর আগে সকালে উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। চট্টগ্রাম: সাতকানিয়ার কেরানীহাটে জামায়াত-শিবির শতাধিক দোকান, হাসপাতাল, বিপণিকেন্দ্র ও যানবাহন ভাঙচুর করে। আগুন দেয় তিনটি গাড়িতে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই শতাধিক গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে ২০ জন আহত হন। এর আগে চট্টগ্রাম নগরের চকবাজারে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে পাঁচজন আহত হন। লোহাগাড়ায় জামায়াত-শিবিরের কর্মীরা বেশ কয়েকটি ব্যাংকে ভাঙচুর চালান। পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১২ জন আহত হন। মিরসরাইয়ে শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। বগুড়া: বগুড়ায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াতের কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেন। হামলায় পুলিশের একজন কর্মকর্তাসহ ছয়জন আহত হন। শেরপুরে জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২০০টি রাবার বুলেট ছোড়ে। জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী: বিনোদপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও র‌্যাবের গোলাগুলিতে পুলিশের সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। পুলিশ ও র‌্যাবের সঙ্গে প্রায় ২০ মিনিট সংঘর্ষের পর জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান। সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের কৈতক এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ছয়টি বাস ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। কুমিল্লা: কুমিল্লায় জামায়াত-শিবিরের মালিকানাধীন নয়টি প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরই মিছিল বের করে জামায়াত-শিবির। খবর পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরকে প্রতিহত করেন। শিবিরের কর্মীরা চৌদ্দগ্রাম সদরে একটি বাসে আগুন দেন। চিওড়ার একটি হোটেলের সামনে চার-পাঁচটি গাড়ি ও নোয়াবাজার এলাকায় পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ চারজনকে আটক করে। লাকসামে একটি ট্রাক ও একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ও বিপুলাসার এলাকায় ট্রাকসহ কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিপুলাসার রেলস্টেশনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের সদস্যসহ অন্তত আটজন আহত হন। ভোলা: ভোলার ইলিশা জংশন বাজার ও ইলিশা ফেরিঘাট এলাকায় চারটি বাসসহ অন্তত ২৫টি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় অন্তত ৩০ ব্যক্তি আহত হন। পুলিশ শিবিরের চার কর্মীকে আটক করেছে। চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি বাস ভাঙচুরের সঙ্গে জড়িত অভিযোগে লালমোহন উপজেলা (উত্তর) শিবিরের সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ।বাগেরহাট: কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামে শিবিরের হামলায় কচুয়া থানার পুলিশের দুই সদস্য আহত হন। পরে তাঁরা বাগেরহাট-খুলনা সড়কের বকুলতলায় সড়ক অবরোধ করেন।নবীনগর ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর উপজেলায় আওয়ামী লীগের নেতার বাড়িতে ও তাঁর ছোট ভাইয়ের স্টুডিওতে হামলা চালায় জামায়াত-শিবির। এর আগে নবীনগর পৌর বাসস্ট্যান্ড ও আলীয়াবাদে ৮ থেকে ১০টি অটোরিকশা ভাঙচুর করা হয়। কসবায় সংঘর্ষে পুলিশ চারজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ৫০টি রাবার বুলেট ছোড়ে। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াতের কার্যালয় ও ইসলামী ব্যাংক ভাঙচুর করেন।কুষ্টিয়া: কুষ্টিয়ায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় জামায়াত-শিবির লাঠিমিছিল করে। এ সময় একটি দোকান ভাঙচুর করা হয়। চাঁদপুর: চাঁদপুরে পিকেটিংয়ের চেষ্টা করলে জামায়াত-শিবিরের ১৪ জনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর: জামায়াত-শিবির শহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিভিন্ন স্থান থেকে পুলিশ শিবিরের ১১ জন কর্মীকে গ্রেপ্তার করে। শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। রামগতিতে শিবিরের হাজীগঞ্জ অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করা হয়।যশোর: সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০টি গুলি ছোড়ে।লালমনিরহাট: রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ী বাজার এলাকায় পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে পুলিশের সদস্যসহ ২২ জন আহত হন। র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গৌরনদী (বরিশাল): বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯টি গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে।রংপুর: মিঠাপুকুর উপজেলায় ব্যাপক সংঘর্ষে পুলিশের সদস্যসহ ২০ জন আহত হন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশের দুই সদস্যসহ সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৩ জনকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পীরগাছায় সংঘর্ষে পুলিশের সদস্যসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশ অন্তত ২০০টি গুলি ছোড়ে। কক্সবাজার: জেলা সদরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ৩০টির বেশি যানবাহন ভাঙচুর করা হয়েছে।সাতক্ষীরা: সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। একটি ছাত্রাবাসে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা কয়েকটি দোকান ও অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর করেন। বাধা দিলে পুলিশ ও বিজিবির সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। মানিকগঞ্জ: দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেল নিয়ে শিবিরের ছয়জন কর্মী ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় যানবাহনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়।নারায়ণগঞ্জ: সংঘর্ষে পথচারীসহ ১০ জন আহত হন। শিবিরের কর্মীরা ১০ থেকে ১২টি যানবাহন ভাঙচুর করেন। তিনজনকে আটক করেছে পুলিশ। শেরপুর: শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা বাজার এলাকায় সড়ক অবরোধ করে জামায়াত-শিবির। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ঝিনাইদহ: মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্যের ওপর হামলা চালিয়েছে জামায়াত-শিবির। ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহের বিষয়খালী এবং কালীগঞ্জের খয়েরতলায় সড়ক অবরোধ করা হয়। জয়পুরহাট: জয়পুরহাটে হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। হরতাল-সমর্থকেরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।