সহিংস দলের রাজনৈতিক দল হিসেবে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাংবাদিকদের ওপর হামলা ও জনগণের সম্পত্তি নষ্ট করার অধিকার নেই। যেসব দল এসব কাজ করছে, আইন ও সংবিধান অনুযায়ী তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়া বা নিবন্ধিত পর্যায়ে রাখার কোনো অধিকার নেই। আজ শনিবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। আইনমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সবারই রাজনৈতিক দল ও সমিতি করার অধিকার থাকবে। কিন্তু কেউ যদি এমন কোনো সংগঠন করে, যেটি জঙ্গি তত্পরতায় ব্যস্ত থাকে, জনগণের সম্পত্তি নষ্ট করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের ওপর হামলা করে, তাদের কোনো সমাজে ও রাষ্ট্রে রাজনৈতিক দল হিসেবে থাকার অধিকার নেই। আমরা আইন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি, এসব দল রাজনীতি করার অধিকারপ্রাপ্ত কি না।’ আইনমন্ত্রী শফিক আহমেদ আরও বলেন, ‘জামায়াত রাজনৈতিক দল হিসেবে যেন কার্যকারিতা বজায় রাখতে না পারে, সে জন্য একটি আবেদন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আশা করি, আবেদনের ওপর শিগগিরই শুনানি শুরু হবে। ২৬ মার্চের আগে তা শেষ হবে।’ সংবিধান, আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ বিচার-বিশ্লেষণ করে আদালত রায় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আইনমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো মারামারি ও খুন-খারাবিতে বিশ্বাস করে না। যেসব দল ইসলামের নামে খুন-খারাবিতে লিপ্ত থাকে, সাংবাদিকদের ওপর হামলা চালায় বা সম্পদ নষ্ট করে, মনে হয়, তারা ইসলাম ধর্মের অবমাননা করছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সরাফত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সংগঠনের মহাসচিব মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।