সহিংসতা দমনে পুলিশের ভূমিকা প্রশংসনীয়: সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে সারা দেশে জামায়াতে ইসলামী ও বিএনপির সহিংসতামূলক কর্মকাণ্ড দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ প্রশংসা করা হয়। সভায় আগামী ৬ এপ্রিল আহূত বিভিন্ন জেলা থেকে ঢাকা অভিমুখে হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলা হয়, ওই কর্মসূচি চলাকালে হেফাজতে ইসলামকে সহিংস তত্পরতা থেকে বিরত রাখা গেলে তাদের আন্দোলন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে। এ ছাড়া, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন সংগঠনের সহিংস তত্পরতা দমনে নিয়োজিত বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান পরিষ্কার হয়ে পড়েছে। তিনি জামায়াতে ইসলামীকে ব্যবহার করে ঢাকায় তাহরির স্কয়ারের মতো কিছু একটা করতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। পুলিশ তাদের সঠিকভাবে দমন করেছে, যদিও কিছু মানুষ মারা গেছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সদস্যদের আরও বেশি তত্পর হতে এবং সীমান্তের ওপারে গড়ে ওঠা ফেনসিডিল কারখানাগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৈঠকে জানানো হয়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সীমান্ত দিয়ে পাচারকালে ৩৬ জন শিশু ও ১৬৬ জন নারীকে উদ্ধার করা হয়েছে। ২০০৩ থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৭ জন নারী ও শিশু পাচারকারীকে আটক করা হয়েছে।বৈঠকে কমিটির সদস্য মির্জা আজম ও সফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও বিজিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।