সহিংসতা বন্ধ করতে কাশ্মীরের বিক্ষোভকারীদের প্রতি মনমোহনের আহ্বান
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সহিংসতা থেকে দূরে থাকার জন্য কাশ্মীরের বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতশাসিত কাশ্মীরের সংকট কীভাবে নিরসন করা যায় সে জন্য আজ বুধবার সব দলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। কাশ্মীর থেকে জরুরি অবস্থা কবে তোলা হবে সে ব্যাপারেও এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কাশ্মীরের অন্য আঞ্চলিক দলগুলোও ওই বৈঠকে অংশ নেয়। ওই বৈঠক চলাকালেও বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ছোড়ে। এতে দুজন নিহত ও কয়েকজন আহত হয়।গত জুন মাস থেকে কাশ্মীর উপত্যকায় শুরু হওয়া ভারতবিরোধী বিক্ষোভে ৮৯ জন বিক্ষোভকারী নিহত হয়। তাদের মধ্যে বেশির ভাগই সরকারি বাহিনীর গুলিতে নিহত হয়। ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জম্মু ও কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম পথ হলো সব দলের সঙ্গে আলোচনা করা। তিনি আরও বলেন, যাঁরা সহিংসতার পথে চলে না তাঁদের সঙ্গে আলোচনার জন্য ভারত সরকার প্রস্তুত আছে। তিনি বলেন, কাশ্মীরের রাস্তায় নারী ও শিশুদের বিক্ষোভ করতে দেখে তিনি দুঃখিত ও বিপন্ন বোধ করেছেন।—বিবিসি