সহিংসতা বন্ধ হয়নি, মানুষ ভীতসন্ত্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনেও সহিংসতা বন্ধ হয়নি। বাড়িঘর, দোকানপাট ভাঙচুর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জামায়াত-শিবিরের পরিকল্পিত হামলায় দেশজুড়ে মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। তিন দিনই ঘটেছে প্রাণহানির ঘটনা। গতকালও পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় তিনজন এবং নীলফামারীর জলঢাকায় একজন নিহত হয়েছে।দেশময় এমন অশান্ত পরিস্থিতির মধ্যে আজ রোববার ও কাল সোমবার জামায়াতের টানা দুই দিনের এবং মঙ্গলবার বিএনপির হরতাল শুরু হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ পরিস্থিতি তারা কঠোর হাতে মোকাবিলা করবে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আশা করা হয়েছে।সরকারের উচ্চপর্যায়ের সূত্র বলছে, জামায়াত-শিবিরের কয়েক দিনের সহিংসতার পাশাপাশি গতকাল থেকে বিএনপিও মাঠে নামায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। সরকারের আশঙ্কা, বিএনপি জামায়াতে ইসলামীকে অনুসরণ করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারের পতন ঘটাতে চায়। এ অবস্থায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনা ও রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা বিধানে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। সরকারের একজন নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনপি এখন প্রকাশ্যেই যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। এ অবস্থায় সরকারের কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। এ অবস্থা চলতে থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হওয়ারও আশঙ্কা করছে ব্যবসায়ী সম্প্রদায়।বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে বলেন, ‘দুই নেত্রী মনে করছেন, ঘোলা পানিতে মাছ ধরবেন। তাঁদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে, বিরোধীদলীয় নেত্রী জামায়াতকে সমর্থন করছেন। কিন্তু দেশের মানুষ কী চায়, তা কি উনি বোঝেন না?’এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সরকারের উচিত, সব রাজনৈতিক দলকে ডেকে সমঝোতায় পৌঁছানো। তা না হলে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে বিদেশিরাও উদ্বিগ্ন। তাঁরা এ দেশে ব্যবসা করবেন কি না, সন্দেহ আছে।জানা গেছে, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে গতকালও কথা বলেছেন। মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার কোনো ষড়যন্ত্র বরদাশত করবে না। আইনের আওতায় দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হবে।পুলিশ-বিজিবি প্রস্তুত: তিন দিনের হরতাল ঠেকাতে পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জামায়াত-শিবিরের কর্মীদের রাজপথে নামতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাঠপর্যায়ে পুলিশকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।পুলিশকে সহায়তা করতে গতকাল রাত আটটা থেকে সারা দেশে একযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও মাঠে নেমেছেন। গত রাতে রাজধানীতেই বিজিবির ৪০টি গাড়ি টহল দিয়েছে।জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, রাজপথে কোনো ধরনের বেআইনি তৎপরতা সহ্য করা হবে না।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, আজ সকাল থেকে তিন দিন হরতাল শুরু হলেও পুলিশ মনে করছে, হরতাল আরও বাড়তে পারে। সে প্রস্তুতি নিয়েই হরতালের নিরাপত্তা ছক সাজানো হয়েছে। জানা গেছে, রাজধানীতে ১২ হাজার পুলিশ ও র‌্যাবের সদস্য মোতায়েন করা হচ্ছে। সারা দেশে মোতায়েন থাকবেন আরও প্রায় ২০ হাজার সদস্য। এঁরা টানা তিন দিন দায়িত্ব পালন করবেন। এর বাইরে আরও কিছু পুলিশ সদস্যকে মজুত হিসেবে রাখা হয়েছে।হরতালের সময় দায়িত্ব পালনের ব্যাপারে গতকাল পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে সড়কে মিছিল-সমাবেশ করতে না পারে, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মিছিল থেকে পুলিশের ওপর হামলা হচ্ছে। এ কারণে মিছিলের ব্যাপারে সতর্ক করা হয়েছে। সারা দেশের পুলিশ একই নির্দেশনা পালন করবে।বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহায়তা করবে বিজিবি। ঢাকায় গতকাল রাতে ৪০টি গাড়িতে করে বিজিবির সদস্যদের নামানো হয়েছে। এ ছাড়া আরও সদস্য মজুত রাখা আছে। প্রয়োজনমতো তাঁদের নামানো হবে।