সহিংসতা বন্ধে রাশিয়াকে আসাদের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর দেশে সহিংসতা বন্ধে নতুন প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটিতে সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে। প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে ঘোষণা করেন, সহিংসতা বন্ধে সিরীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছে। সের্গেই লাভরভ বলেন, ‘প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সংলাপের প্রক্রিয়া শুরু করতেও প্রস্তুত রয়েছেন।’তবে সিরিয়ার বিরোধীরা আসাদের এই প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে। বিরোধীরা দাবি করেছে, গত ১১ মাস ধরে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল হোমস শহরসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে তোলা প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটোর পর পশ্চিমা বিশ্বের ক্ষোভ ও সমালোচনার মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী দামেস্ক সফর করছেন। প্রেসিডেন্ট আসাদের প্রায় ১০ লাখ সমর্থক রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে মস্কো দেখাতে চাইছে, সিরিয়া সংকট সমাধানের বিকল্প উপায় তাদের হাতে আছে।সিরিয়ার নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির মানবাধিকার সংস্থা ও বিরোধীরা।