সহিংসতা বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আন্দোলন ও সহিংসতা ওই নির্বাচনকে ব্যাহত করতে পারে। যদিও সরকারের কর্মকর্তারা অবিচল রয়েছেন যে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।‘ভায়োলেন্স অ্যান্ড প্রোটেস্টস কুড ডিরেইল বাংলাদেশ ইলেকশন’ শিরোনামের প্রতিবেদনটি তৈরি করেছেন পত্রিকাটির প্রতিবেদক জেসন বার্ক। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে রাজপথের সহিংসতা আর বিরোধী দলের বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা সামনে রেখে অনেকেই এখন উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশটি নির্বাচনের আগে গভীর বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিতে নিমজ্জিত হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে সমঝোতা না হওয়ায় এ আশঙ্কা তৈরি হয়েছে। আর ৪২ বছর আগে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারে গঠিত বিতর্কিত ট্রাইব্যুনাল দেশটির বিভাজিত রাজনৈতিক দৃশ্যপটকে দুই মেরুর দিকে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভী গার্ডিয়ানকে বলেছেন, আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতির কাজগুলো ‘সম্পূর্ণভাবে সঠিক পথে রয়েছে।’ আর ১৯৭১ সালে সংঘটিত অপরাধের বিচার থেকে জাতিকে এর আগে বঞ্চিত করা হয়েছিল। সেই বিচার করছেন ট্রাইব্যুনাল।তবে গার্ডিয়ান-এর মতে, অনেক বিষয়ই এখনো অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে দাবি জানালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, তিনিই নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে থাকবেন। তাঁর উপদেষ্টা রিজভী জানিয়েছেন, দেশের নির্বাচন কমিশনের হাতে সব ধরনের নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে এটা যথেষ্ট বলে বলে মনে না-ও হতে পারে।বিএনপির একজন নেতা গার্ডিয়ানকে বলেছেন, তাঁর দলের নীতিনির্ধারকেরা মনে করছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে নির্বাচন বর্জনে বাধ্য করা। এতে করে তারা ‘একদলীয় নির্বাচন’-এর মাধ্যমে ক্ষমতায় থেকে যেতে পারবে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে দেশটিতে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হচ্ছে। আর কিছুদিন পরই শুরু হচ্ছে রমজান মাস। এর মধ্যে বিএনপি রাজপথের আন্দোলন শক্তিশালী করার পরিকল্পনা করছে। দলটি কী ধরনের শক্তি নিয়ে মাঠে নামতে পারে, ওই কর্মসূচি উভয় পক্ষকেই সে বিষয়ে একটা ধারণা দেবে। আগামী শরৎ মৌসুমে শুরু হবে ‘আসল যুদ্ধ’।গার্ডিয়ান-এর মতে, এখানে তিনটি বিষয় এখন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা, চলমান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও দেশের বিভক্ত রাজনীতির কারণে আস্থা হারানো তরুণ ভোটারদের সাম্প্রতিক আন্দোলন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘তথাকথিত ট্রাইব্যুনাল’ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এই ট্রাইব্যুনালের বিবাদীদের বেশির ভাগই জামায়াতের নেতা হওয়ায় এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বলে অভিযোগ রয়েছে, যদিও সরকার তা অস্বীকার করে। জামায়াতের পাশাপাশি হেফাজতে ইসলামকে একটি নতুন শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। গত মাসে সংগঠনটি ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করেছে এবং আবারও মাঠে নামবে বলে ঘোষণা দিয়েছে। তাদের বিশেষ ক্ষোভ শাহবাগ আন্দোলনকারী ব্লগারদের প্রতি সরকারের সমর্থন নিয়ে। ইসলামপন্থীদের অভিযোগ, এই ব্লগাররা ‘নাস্তিক’, যারা মহানবী (সা.)-কে অবমাননা করেছে।শাহবাগ আন্দোলন প্রসঙ্গে বলা হয়েছে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এই আন্দোলনে অংশ নেন হাজার হাজর তরুণ। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের বিষয়ে বলা হয়েছে, তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে আন্দোলন শুরু করেন। তবে এখন তিনি ‘আত্মগোপনে’। অবশ্য, তিনিও ঘোষণা দিয়েছেন, শিগগিরই তিনি বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন।আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক গার্ডিয়ানকে বলেছেন, রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার সবারই আছে।প্রতিবেদনটির শেষে মন্তব্য করা হয়েছে, একটি মাত্র বিষয় রয়েছে, যেখানে বাংলাদেশের সবাই একমত। সেটা হলো, আন্দোলন-সংগ্রাম যখন আসবে, তখন তার জয়-পরাজয় নির্ধারিত হবে রাজপথেই।