সহিংসতা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বৌদ্ধদের ওপর সাম্প্রতিক হামলা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। তিনি আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন। মিজানুর রহমান বলেন, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে একদল লোক বৌদ্ধদের বাড়িঘর ও বিহারে হামলা চালিয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত বিহার ও বসতবাড়ি পরিদর্শনে গতকাল শুক্রবার কক্সবাজারের রামুতে যান। সে অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, হামলার জন্য বাইরে থেকে অস্ত্রধারীদের আনা হয়েছিল বলে স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন। গোয়েন্দাদের ভূমিকার সমালোচনা করে মিজানুর রহমান বলেন, ‘এ হামলার ব্যাপারে যদি গোয়েন্দাদের কাছে কোনো তথ্য না থাকে, তাহলে বলতে হবে তারা পুরোপুরি ব্যর্থ। আর যদি তাদের কাছে হামলার ব্যাপারে তথ্য থাকে, তবে তারা কেন ব্যবস্থা নেয়নি? কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হবে।’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এ ঘটনার পেছনে যারা যুক্ত, সরকারের অবশ্যই উচিত তাদের খুঁজে বের করা। স্থানীয় জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করলে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা অসম্ভব কিছু নয় বলেও তিনি মন্তব্য করেন। এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন শিগগিরই কিছু সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবে বলে তিনি জানান। ইউএনবি।