সহিংসতা বাড়ছে, নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চতুর্থ দিনের মতো গতকাল রোববারও দেশজুড়ে সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির। তাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে তারা সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। উপড়ে ফেলেছে রেললাইন। ভেঙে দিয়েছে সেতু। কেটে ফেলেছে রাস্তা। ভেঙেছে শহীদ মিনার, মুক্তিযুদ্ধের ভাস্কর্য। তারা গতকালও অন্তত দুই জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটপাট ও আগুন দিয়েছে। পিটিয়ে হত্যা করেছে পুলিশের আরও এক সদস্যকে।নৈরাজ্য ঠেকাতে কয়েকটি স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছেন। এতে মারা গেছেন অন্তত ২০ জন। গাজীপুরে পিকেটিং করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন শিবিরের এক নেতা। গতকাল মোট মারা গেলেন ২২ জন। এর আগে পুলিশ ও জামায়াত-শিবিরের হাতে গত বৃহস্পতিবার ৩৭ জন, শুক্রবার তিনজন ও শনিবার ছয়জন নিহত হন। এ নিয়ে চার দিনে ৬৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের সদস্য আছেন ছয়জন।একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে সহিংস প্রতিবাদ শুরু করে জামায়াত-শিবির। আজ তাদের ডাকা হরতাল শেষ হচ্ছে। গতকাল সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে বগুড়ায়। ‘চাঁদের গায়ে সাঈদীর মুখ দেখা যাচ্ছে, তার মানে তিনি ইমানদার লোক। তাঁকে বাঁচানো সবার ইমানি দায়িত্ব’—রাতভর মোবাইল ফোন ও মসজিদের মাইক থেকে এমন গুজব ছড়িয়ে সাধারণ ধর্মপ্রাণ কিছু মানুষকে উত্তেজিত করে রাস্তায় নামায় জামায়াত-শিবির। দেশের বিভিন্ন এলাকায় একযোগে একইভাবে এ গুজব ছড়ানোর খবর পাওয়া গেছে। এভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে বগুড়ায় সকালে জেলা সদর এবং শাজাহানপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলায় দিনভর তাণ্ডব চালায় জামায়াত-শিবির। তারা থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, আওয়ামী লীগের সাংসদ ও একাধিক নেতার বাড়ি, দলীয় কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় বগুড়া সদরে চারজন, শাজাহানপুরে পাঁচ ও শিবগঞ্জে দুজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। সেনানিবাসসংলগ্ন শাজাহানপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। রাতে পরিস্থিতি শান্ত হলে সেনাসদস্যদের তুলে দেওয়া হয়। এ ছাড়া জয়পুরহাটে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ আরও প্রায় ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট পৌর এলাকা ও পাঁচবিবি পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর সেখানেও অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন একজন। জামায়াত-শিবিরের অবরোধে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছে সাতক্ষীরা পৌর এলাকা, আশাশুনি উপজেলা সদর ও কালীগঞ্জের নলতায়।ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পুলিশের এক কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির।ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জয়পুরহাট: জয়পুরহাট-বগুড়া সড়কের সদর উপজেলার হিচমী এলাকায় সকাল থেকেই জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার দিকে ছয়-সাত হাজার মানুষ মিছিল নিয়ে শহরের দিকে আসতে থাকে। এ সময় পল্লী বিদ্যুতের কার্যালয়ের পশ্চিম পাশে তাদের বাধা দেয় র‌্যাব-পুলিশ। তখন মিছিল থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকেন কর্মীরা। একপর্যায়ে জামায়াত-শিবিরের অপর একটি দল পেছন দিক থেকে এসে র‌্যাব-পুলিশকে আক্রমণ করে। এতে পুলিশ সুপার হামিদুল আলমসহ র‌্যাব-পুলিশের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর ১২টার দিকে বিজিবির জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল খসরু ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব-পুলিশ-বিজিবি যৌথভাবে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছুড়ে জামায়াত-শিবিরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে তাদের গুলি চালাতে হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাঁচবিবি উপজেলার আর্জিনন্তপুর গ্রামের ফরমান আলী (৩০), কাশরা গোবিন্দপুর গ্রামের মহিদুল ইসলাম (৩২), বাশখুর গ্রামের নাসির উদ্দীন (১৬), রহমতপুর গ্রামের মজনু মিয়া (২৫), শালাইপুর পুকুরপাড় গুচ্ছগ্রামের আবদুল হাকিম (৩০) ও ধরনজী গ্রামের হেসাব উদ্দিন (৩২)। এ ছাড়া আরও প্রায় ২৫ জন গুলিবিদ্ধ হন।অপরদিকে পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জামায়াত-শিবিরের ৮-১০ হাজার নেতা-কর্মী মিছিল করে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন।পাঁচবিবি থানার ওসি আহসানুল হক জানান, জামায়াত-শিবিরের মিছিলের একটি অংশ থানার সীমানাপ্রাচীর টপকে থানার ভেতরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা পুলিশ কোয়ার্টারের পেছনে আগুন ধরিয়ে দেয়।রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে গোদাগাড়ী উপজেলা সদর, মহিশালবাড়ী ও সিঅ্যান্ডবি রেলগেট এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সকাল নয়টার দিকে তাঁরা লাঠিসোঁটা নিয়ে যানবাহন চলাচলে বাধা দিতে থাকেন। পুলিশ গেলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ প্রথমে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। টিকতে না পেরে একপর্যায়ে মহিশালবাড়ি এলাকায় পুলিশ গুলি ছোড়ে। এতে দুজন নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন মুজাহিদ (৪০) ও রফিকুল ইসলাম (১৫)। মুজাহিদ মহিশালবাড়ি জামে মসজিদের মোয়াজ্জিন। তাঁর বাড়ি গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লায়। রফিকুল গোদাগাড়ী আয়েশা সাবের দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। তার বাড়ি উপজেলার হাটপাড়া ভগবতপুর গ্রামে।সংঘর্ষে পুলিশের রাজশাহী রেঞ্জের উপপরিদর্শক মোবারক আলী সরকারসহ পুলিশের পাঁচ সদস্য এবং আরও অন্তত ২৫ জন আহত হন। মোবারককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতির আরও অবনতি হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপজেলার রাজাবাড়ি থেকে মহিশালবাড়ি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তার ওপরে কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় কার্যালয় ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়।বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সদর উপজেলার রইচপুর এলাকায় বিজিবির দুটি টহল যানে হামলা চালিয়ে ভাঙচুর করে জামায়াত-শিবির। এ সময় বিজিবির সদস্যরা গুলি ছোড়েন। গুলিতে রইচপুর এলাকার মাহবুবর রহমান (৩০) নিহত হন। গুলিবিদ্ধ হন নাজির হোসেন (৩০), সোহাগ (১২), জাকির হোসেন (২২) ও ইছানুর আলী (৪৫)। শিবিরের হামলায় আহত হন বিজিবির তিন সদস্য। ঘটনার পরপরই দিগন্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমান ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গতকাল ভোররাতে জামায়াত-শিবিরের কর্মীরা সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-আশাশুনি, সাতক্ষীরা-কালীগঞ্জ, সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-বৈকারি ও সাতক্ষীরা-ছনকা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকার সড়ক কেটে দেয় জামায়াত-শিবির। ফলে খুলনা ও তালা উপজেলার সঙ্গে সাতক্ষীরা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।হরতাল-সমর্থকেরা দেবহাটার গাজীরহাটে ও সদরের খানপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। তারা সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেনের মোহনপুর গ্রামের বাড়িতে হামলা চালায়।ঝিনাইদহ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বেলা ১১টার দিকে জামায়াত-শিবির হরিণাকুণ্ডু উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা উপজেলা পরিষদ চত্বরে দোকানপাট ও আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা দুটি দোকানে আগুন লাগিয়ে দেয়। উপজেলা পরিষদের মধ্যে ঢুকে কৃষি, মৎস্য ও এলজিইডি অফিস ভাঙচুর করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিন্তু ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা পিছু হটেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেছনে পুলিশ কনস্টেবল ওমর ফারুককে (৩৮) ঘিরে ফেলে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে হামলায় হরিণাকুণ্ডু থানার ওসি রেজাউল ইসলাম, এএসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য মহিউদ্দীন, ফারুক হাসান ও বায়েজিদ এবং আসনার সদস্য আকবর আলী, করম আলীসহ ১০ জন আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে। এরপর কনস্টেবল ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত কনস্টেবল ফারুকের বাড়ি সাতক্ষীরায় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। আহত অপর পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশের লাঠিপেটা ও গুলিতে জামায়াত-শিবিরের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন জামায়াতের জেলা আমির মোজাম্মেল হক।