সহিংসতা বাড়ছে ভারতের ধর্ষণবিরোধী আন্দোলনে
ভারতের রাজধানী দিল্লিতে আজ দ্বিতীয় দিনের মতো ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার দেশটির পুলিশ রাজধানীতে ধর্ষণ ও যৌন নিপীড়নবিরোধী যেকোনো বিক্ষোভকে নিষিদ্ধ ঘোষণা করার পর আজ রোববার এ সংঘর্ষ হলো। এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এক রাজ্যে পুলিশ যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে।গত সপ্তাহে একটি বাসে এক প্যারামেডিকেলের শিক্ষার্থী ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হলে, এর প্রতিবাদে ফুঁসে ওঠে দিল্লির জনগণ।ধর্ষকদের বিচার ও যৌন নিপীড়নবিরোধী নীতিমালা জারির দাবিতে আজ সকাল থেকে রাজধানীর কেন্দ্রস্থলে সমবেত হতে থাকে বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্ট প্রাসাদ, দিল্লির মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ করছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ সময় বিক্ষোভকারীদের দমনে লাঠিপেটাও করা হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, পুলিশের লাঠিপেটা ও হামলা উপেক্ষা করে হাজার হাজার আন্দোলনকারী বিখ্যাত ইন্ডিয়া গেটের কাছে সমবেত হয়ে মিছিল-সমাবেশ করতে থাকে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবনের সামনে মিছিল করছিল। উত্তেজিত কিছু বিক্ষোভকারী ভবনগুলোকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়তে থাকলে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরে বিক্ষোভকারীরা একটি মোটরগাড়ি উল্টে দেয় এবং পুলিশের ভ্যান ভাঙচুর করে।হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের কয়েকজন সদস্যসহ প্রায় ৩০ ব্যক্তি এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এর আগে প্রেসিডেন্টের বাসভবন ও পার্লামেন্টের আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ ঠেকাতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে ফৌজদারি আইনের ১৪৪ ধারা অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ আইন অনুযায়ী এক জায়গায় পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ।এদিকে, দাবিদাওয়া নিয়ে একদল বিক্ষোভকারী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করেছেন। ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছেন।গত সপ্তাহের রোববার রাতে বাসে করে বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হন ২৮ বছর বয়সী এক শিক্ষার্থী। তিনি ও তাঁর ছেলেবন্ধু সে সময় ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হন। ঘটনার প্রতিবাদে পরদিন শত শত মানুষ বিক্ষোভে নেমে আসে। মিছিল, সমাবেশ, মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন উপায়ে বিক্ষোভ জানাতে থাকে দিল্লির বিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও মানবাধিকার সংগঠন।প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে ছয় ব্যক্তিকে গত শুক্রবারের মধ্যে আটক করা হয়েছে।পুলিশের তথ্য বলছে, ভারতের বিভিন্ন শহরের মধ্যে দিল্লিতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। শহরটিতে প্রতি ১৮ ঘণ্টায় কমপক্ষে একজন নারী ধর্ষণের শিকার হন। এ শহরটিকে এখন ‘ধর্ষণের নগর’ হিসেবে উল্লেখ করা হয়।সাংবাদিককে গুলি করে হত্যাদেশটির উত্তরাঞ্চলে একজন চলচ্চিত্র অভিনেত্রীকে যৌন নিপীড়ন করার ঘটনার প্রতিবাদে আজ রোববার অনুষ্ঠিত এক সমাবেশে পুলিশ হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে। পুলিশের মুখপাত্র এ সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে সরকারি গণমাধ্যম দূরদর্শনে কর্মরত ৩৬ বছর বয়সী ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন। তিনি বলেন, বিক্ষোভকারীরা একটি পুলিশের গাড়িতে আগুন লাগাতে উদ্যত হলে পুলিশ তাদের ওপরে গুলি চালায়।এক রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ওই অভিনেত্রীকে নিপীড়ন করেন। এর প্রতিবাদে ওই রাজ্যে হরতাল পালিত হচ্ছে।