সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জাপান
বাংলাদেশে সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ উপায়ে ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট উত্তরণের জন্য সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। আজ সোমবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এক বিবৃতিতে এ আহ্বান জানান। শিরো সাদোশিমা বলেন, ‘সংঘাতময় রাজনীতির কারণে সৃষ্ট সহিংসতা ও অন্তর্ঘাতমূলক তত্পরতায় অকারণে অনেককে প্রাণ দিতে হচ্ছে, অনেকে আহত হচ্ছেন, আর ট্রেন ও গাড়ির মতো সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি বিঘ্নিত হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ পরিস্থিতি জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’ ঢাকায় জাপানের শীর্ষ এ কূটনীতিক মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। তবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে নিরপরাধ সাধারণ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে এমন কোনো পদক্ষেপের যৌক্তিকতা দাবি করাটা ঠিক হবে না। শিরো সাদোশিমা বলেন, ‘এ প্রেক্ষাপটে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও জনগণকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে ও সংলাপের মাধ্যমে বতর্মান সংঘাত থেকে পরিত্রাণ খুঁজে নেওয়ার অনুরোধ জানাই।’