সহিংসতা মতপ্রকাশের মাধ্যম নয়: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমি সব সময় বলে আসছি, সহিংসতা মোটেই গ্রহণযোগ্য নয়। সহিংসতা মতপ্রকাশের কোনো মাধ্যমও নয়।’আজ রোববার রাজধানীর আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মজীনা এ মন্তব্য করেন। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল স্কট সুইফটের সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মার্কিন রাষ্ট্রদূত মজীনা বলেছেন, জাতির মাঝে বিভক্তি সৃষ্টি নয়, জাতিকে ঐক্যবদ্ধ করবে এমন বিষয়ে নিজেদেরকে কাজে লাগাবে বাংলাদেশের জনগণ। তিনি বলেন, ‘আমার মতে জনগণের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে। তেমনি জনগণের একটি অংশের ভিন্নমতও শান্তিপূর্ণভাবে তুলে ধরার অধিকার রয়েছে। বাংলাদেশের জাদুই (ম্যাজিক) হচ্ছে, এটি একটি সহনশীল, উদারপন্থী এবং বহুমতের দেশ। তাই আমি আশা করব, যে বিষয়গুলো বাংলাদেশের জাতীয় ঐকমত্য প্রকাশ করবে, সেগুলোকেই জনগণ নিজেদের শক্তিতে কাজে লাগাবে। জাতিকে বিভক্ত করবে এমন কোনো প্রয়াসে নয়।’এ বিষয়ে জানতে চাইলে স্কট সুইফট বলেন, ‘কোনো দেশের এ ধরনের অভ্যন্তরীণ বিষয়ের মন্তব্য করাটা মার্কিন বাহিনীর জন্য সমীচীন নয়। তবে মার্কিন নৌবাহিনী ও মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা সব সময় গণতান্ত্রিক নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে থাকি। আর গণতন্ত্রের মূল নির্যাসই হচ্ছে সংলাপ ও আলোচনা।’