বিশিষ্ট নাগরিকদের মানববন্ধন
সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান
ধর্মবিশ্বাসকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে দেশ অস্থিতিশীল করে তুলেছে, তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধী চক্রের সাম্প্রদায়িক হামলাসহ সকল সহিংস তৎপরতা রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক মানববন্ধন থেকে ওই আহ্বান জানানো হয়। মানবাধিকারকর্মী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী এবং বিশিষ্ট নাগরিকেরা এর আয়োজন করেন। কর্মসূচি থেকে বক্তারা যুদ্ধাপরাধী চক্রের সহিংস তৎপরতা রুখে দাঁড়াতে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ কমিটি এবং অসাম্প্রদায়িক-গণতন্ত্রমনা মানুষদের নিয়ে মৈত্রী মঞ্চ গড়ে তোলার ডাক দেন।সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান আশা প্রকাশ করে বলেন, জনতার সম্মিলিত আন্দোলন দেশবিরোধী সব চক্রান্ত পর্যুদস্ত করবে। তিনি বলেন, যে অস্থির অবস্থা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা শুরু হয়েছে সে সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার জন্য এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘১৯৭২ সালের সংবিধানে স্পষ্ট বলা ছিল বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু স্বাধীনতার এত বছর পরও ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য নিরীহ মানুষের ওপর আক্রমণ করছে। তবে আমরা এখনো জেগে আছি। আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা করব।’ বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ চলমান সহিংসতাকে নজিরবিহীন উল্লেখ করে যারা সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘যাদের মনুষ্যত্ব নেই, যারা অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে শহর-গ্রাম সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংখ্যালঘুদের রক্ষায় দলমতের ঊর্ধ্বে উঠে নাগরিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান তিনি।মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ নাগরিক সমাজের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন। এতে সরকারের কাছে সাম্প্রদায়িক হাঙ্গামায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পুনর্বাসন, তাদের ধ্বংস হয়ে যাওয়া মন্দির ও উপাসনালয় পুনর্নির্মাণ, সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও দোষী ব্যক্তিদের শাস্তি বিধান এবং ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত জনগোষ্ঠীর মনে নিরাপত্তার আবহ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ঘোষণাপত্রে সাম্প্রদায়িক হাঙ্গামায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।মানববন্ধনে বক্তৃতার পাশাপাশি ছিল রবীন্দ্রসংগীত ও গণসংগীত। ‘জয়বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল। নাগরিক কণ্ঠে শোনা যায়, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। শিল্পী রফিকুন নবী বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পুরোনো বুদ্ধি আর কাজে লাগবে না। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী জেলা-উপজেলায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।চলমান সহিংসতায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার প্রতি দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধূরী। জাতির ভবিষ্যতের কথা ভেবে তিনি সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী কিছু মানুষকে ভুল বুঝিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।মানববন্ধনে শিল্পী মিতা হক ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিসনে ভাই’—এই রবীন্দ্রসংগীতটি পরিবেশন করেন। মানববন্ধনে অংশ নেন গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের অজয় রায়, বিশিষ্ট নাট্যশিল্পী রামেন্দু মজুমদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, প্রজন্ম ৭১-এর সভাপতি শাহীন রেজা নূর, শিক্ষকনেতা নূর মোহাম্মদ তালুকদার, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, শংকর সাঁওজাল, সঞ্জীব দ্রং, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী, স্টেপসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ।সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।