সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
লংমার্চে সহিংসতা হলে সরকার কঠোর হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। এ ছাড়া লংমার্চে অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় রাজধানীতে অবস্থান করতে দেবে না সরকার।তবে হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তিপূর্ণ সমাবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের সহায়তা দেবে। সরকারের একাধিক মন্ত্রী ও নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে এ মনোভাব জানা গেছে।এদিকে আজ ঢাকার রাজপথে সক্রিয় থাকবে সরকারি দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীর সব ওয়ার্ড ও ইউনিয়নে মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের কর্মীরা রাজপথে থাকবেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি: লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১২ হাজার পুলিশ প্রস্তুত রয়েছে। সতর্ক অবস্থায় থাকবে বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)। প্রয়োজন হলেই তাদের ডাকা হবে।সমাবেশ ঘিরে থাকছে পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরা। নিয়ন্ত্রণকক্ষে বসে পরিস্থিতি দেখবেন পুলিশের কর্মকর্তারা। থাকছেন ভ্রাম্যমাণ আদালত ও তল্লাশি চৌকি। মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, হেফাজতের সমাবেশ থেকে যাতে কোনো ধরনের নাশকতামূলক কিছু না ঘটে, সে ব্যাপারে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। সমাবেশ নির্বিঘ্নভাবে সম্পন্ন করা নিয়ে দুই দিনে কয়েক দফা বৈঠক করেছেন মহানগর পুলিশের কর্মকর্তারা। বৈঠক থেকে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য মতিঝিল ও রমনা অঞ্চলের উপ-কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে থাকবেন আরও চারজন উপকমিশনার।পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে রাজধানীজুড়ে গতকাল সন্ধ্যা থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশির ভাগ পুলিশ কর্মকর্তা থাকবেন মতিঝিল, শাপলা চত্বর ও ফকিরাপুল এলাকায়। তবে এর বাইরে পুরো রাজধানীতেই থাকবে বিশেষ নিরাপত্তা।মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকেই রাজধানীতে থাকছেন ১০টি ভ্রাম্যমাণ আদালত। অপরাধ সংঘটনের পর এসব আদালত তাৎক্ষণিক সাজা দেবেন। এ ছাড়া রাজধানীর পথে পথে থাকবে পুলিশের তল্লাশি চৌকি।গোলযোগ মোকাবিলায় সব ধরনের সরঞ্জাম মজুত রাখা হচ্ছে। মাঠে দায়িত্বরত সব পুলিশ সদস্যের হাতে অস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয়েছে। নাশকতা হলে গুলি ছোড়ার নির্দেশ দেওয়া আছে।আওয়ামী লীগের মিছিল-সমাবেশ: গতকাল রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আওয়ামী যুবলীগ গতকাল শান্তির সপক্ষে মিছিল-সমাবেশ করে। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আজও নেতা-কর্মীরা মাঠে থাকবেন বলে জানান মহানগর আওয়ামী লীগের নেতারা।