সহিংসতা: নরসিংদী, চুয়াডাঙ্গা, জামালপুরে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী, জামালপুর ও চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীতে মারা গেছেন দুজন। আর চুয়াডাঙ্গায় মারা গেছেন একজন ইউপি সদস্যপ্রার্থী। রাতে ভোট গণনার পর বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এদিকে ফেনীর জেলা প্রশাসক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: নরসিংদী: পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, ১৮ জুন রায়পুরা উপজেলার নীলক্ষা ইউপির নির্বাচনের পর থেকেই চেয়ারম্যান পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল মঙ্গলবার পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেনের সমর্থক ও বিজয়ী চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষ টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হন। ইসমাইল হোসেনের সমর্থক আহত কামাল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।আহত ব্যক্তিরা নরসিংদী সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।পৃথক ঘটনায় গতকাল রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, নির্বাচনে ভোট গণনার সময় মোসলেম ভূঁইয়ার সমর্থক ও মাজাহারুল ইসলামের সমর্থকেরা উল্লাসের সময় তাদের মধ্যে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মাজাহারুল ইসলামের সমর্থক দেলোয়ার হোসেন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। তাদের নরসিংদী সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।চুয়াডাঙ্গা: প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মো. নজরুল ইসলাম (৪০) জয়রামপুর ইয়ুথ ক্লাব কেন্দ্রের সামনের রাস্তায় গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজগার আলীর সমর্থকেরা তাঁর উদ্দেশে নানা কটূক্তি করে। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে আজগার আলীর সমর্থকেরা নজরুলকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে কিছু দূর যাওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এরপর আজগার আলীর সমর্থকেরা নজরুলকে মারধর করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উল্লেখ্য, নজরুল ইসলাম ওয়ার্ড বিএনপির সভাপতি।নজরুলের স্ত্রী মিনি বেগম বলেন, আজগার আলীর সমর্থকদের হামলায় তাঁর স্বামী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।নজরুলের মৃত্যুর পর আজগার আলী এলাকা থেকে পালিয়ে গেছেন।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, নজরুল হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তিনি বলেন, নজরুলের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, নজরুল ইসলাম নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন এক হাজার ৩১১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আজগার আলী পান ৭৯৬ ভোট।জামালপুর: পুলিশ ও গ্রামবাসী সূত্রগুলো বলছে, ১১ জুন ইসলামপুর উপজেলার চরপুঁটিমারী ইউপির নির্বাচনের পর থেকেই পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শহিদুর রহমান ও আবদুল আলীমের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। কাজী শহিদুর রহমানের চাচাতো ভাই মোজাফফর হোসেন গত সোমবার গভীর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মোজাফফরের ভাতিজা মো. উজ্জ্বল ২১ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেছেন।ইসলামপুর থানার ওসি রমজান আলী বলেন, মোজাফফর হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।ফেনীর ডিসিকে বদলির নির্দেশ: ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলামকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে ইসির চিঠিতে জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এ জন্য গতকাল সকালেই ইসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে। গত ১৬ জুন ফেনীর সদর উপজেলার ছয়টি ইউপির নির্বাচন চলাকালে ব্যাপক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং বোমাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। যে কারণে কমিশন ওই দিন মোটবী ও ফাজিলপুর ইউপির নির্বাচন বাতিল করে। এরপর ১৯ জুন একই উপজেলার অপর ছয়টি ইউপির ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন বাতিল হওয়ায় মোটবী ও ফাজিলপুর ইউপির আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা ১৬ জুন বিকেলে ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী রেলস্টেশন তিন ঘণ্টা অবরোধ করে রাখে।এরপর ১৯ জুন বাতিল হওয়া দুটি ইউপির ভোট গণনা করে ফল প্রকাশ এবং স্থগিত হওয়া ছয়টি ইউপির নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আট ইউপির আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের সমর্থকেরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে।