সহিংসতাই মত প্রকাশের একমাত্র উত্তর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সহিংসতা মতপ্রকাশের একমাত্র উত্তর নয়। সেই সঙ্গে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোকে সমাধানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল সোমবার আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। মজীনা বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় লোকজনের প্রাণহানিতে অন্য বন্ধু দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও গভীরভাবে উদ্বিগ্ন। জানমালের ক্ষয়ক্ষতি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।’ যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহ থাকার পর গত শনিবার ঢাকায় ফিরেছেন শীর্ষ এ মার্কিন কূটনীতিক। গতকাল মার্কিন দূতাবাস আয়োজিত এক ঘণ্টার ওই সংবাদ সম্মেলনে মজীনা তাঁর সদ্যসমাপ্ত যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। সেই সঙ্গে তিনি জানান, শাহবাগের সমাবেশ, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা সম্পর্কে তাঁর কাছে মার্কিন কর্মকর্তারা জানতে চেয়েছেন। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সাম্প্রতিক সফরে যেসব বৈঠক করেছেন, সেগুলোরও একটি ফিরিস্তি দেন মজীনা।সাংবাদিকদের প্রশ্নের আগে মজীনা জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় তাঁর কাছে শাহবাগের আন্দোলন প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। এ সময় মজীনা বলেন, শান্তিপূর্ণভাবে কীভাবে মতপ্রকাশ করতে হয়, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শাহবাগ।বাংলাদেশের সহিংসতা নিয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘অন্য বন্ধু দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও লোকজনের প্রাণহানি ও সম্পদের ক্ষয়-ক্ষতিতে যথেষ্ট উদ্বিগ্ন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় অত্যন্ত মর্মাহত। তবে সহিংসতা মতপ্রকাশের একমাত্র উত্তর নয়।’ মজীনা আশা প্রকাশ করেছেন, লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অব্যাহতভাবে প্রয়াস চালিয়ে যাবে। বাংলাদেশে সংঘাতমূলক রাজনৈতিক পরিস্থিতি অব্যাহত থাকায় ড্যান মজীনা উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোকে সমাধানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানাই।’আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগকে স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবতাবিরোধীদের অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে বাংলাদেশের ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং মৌলিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষার মাধ্যমে বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হোক, সেটাই যুক্তরাষ্ট্র চায়। বিচার-প্রক্রিয়া কীভাবে পরিচালিত হওয়া উচিত, সে প্রসঙ্গে বিশেষ মার্কিন দূত স্টিফেন র‌্যাপ ইতিমধ্যেই তাঁর মতামত তুলে ধরেছেন।রাজনৈতিক পরিস্থিতি, চলমান সহিংসতা নিয়ে বক্তব্য দিলেও গতকালের সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের কোনো সম্পূরক প্রশ্নের জবাব দেননি ড্যান মজীনা। তাঁর দাবি, সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যই যুক্তরাষ্ট্রের অবস্থান। সাম্প্রতিক সময়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মারমুখী আচরণ, নির্বিচারে দেশের সম্পদ নষ্টসহ অন্তর্ঘাতমূলক তৎপরতার অভিযোগে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মজীনা বলেন, ‘এ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। বাইরের লোক হিসেবে আমার কোনো মন্তব্য করা উচিত নয়।’জামায়াত যে ধরনের সহিংস তৎপরতা চালাচ্ছে, তাতে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন বলা যায় কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি যতটা জানি, জামায়াত একটি নিবন্ধিত দল, যাদের একাধিক সাংসদ রয়েছেন।’ মজীনা জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তিনি চান মার্কিন বাজারে বাংলাদেশের জিএসপি স্থগিত করা না হোক।ঢাকায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর (এফবিআই) কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সম্প্রতি ওয়াশিংটন সফরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনার কথা উল্লেখ করেন ড্যান মজীনা। এ বিষয়ে তিনি বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে দু-তিন মাসের পরিবর্তে এফবিআইয়ের একজন কর্মকর্তা বাংলাদেশে দুই থেকে তিন বছর কাজ করার জন্য আসবেন। তাঁকে সহযোগিতার জন্য বাংলাদেশের একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে এফবিআইয়ের ওই কর্মকর্তা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, সাইবার ক্রাইম ও সাইবার নিরাপত্তাসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশিক্ষণ দেবেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘অত্যন্ত চমৎকার’ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অনেক কিছু। কারণ, একটি উদার, ধর্মনিরপেক্ষ ও সহিংস উগ্রপন্থার বিকল্প দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকতে চায় মার্কিন জনগণ। ড্যান মজীনা জানান, দুই দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্কও সাম্প্রতিক সময়ে অনেক নিবিড় হয়েছে। নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ৩৭৮ ফুট দীর্ঘ কাটার সেকশন জাহাজটি আগামী ২২ মে হস্তান্তর করা হবে। এ ছাড়া সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডকে বেশ কিছু উন্নত প্রযুক্তির নৌযান দেওয়া হবে।