সহিংসতাকারীদের সর্বাত্মকভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যারা সারা দেশে সহিংসতা চালিয়েছে, সরকার তাদের সর্বাত্মক শক্তি দিয়ে দমন করবে। তাদের শাস্তির আওতায় আনা হবে। ধর্মের নামে কেউ জনগণকে বিভ্রান্ত করে সহিংসতা ছড়াতে পারবে না।আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে সাম্প্রতিক সময়ে সারা দেশে সহিংসতার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কানসাট পল্লীবিদ্যুত্ উপকেন্দ্রে ধ্বংসযজ্ঞের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা দেশের শত্রু, তাঁরা ধর্ম ব্যবসায়ী। এদের চিহ্নিত করতে হবে।’ জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা এক হয়ে ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করেন। তাদের এভাবে ধ্বংসযজ্ঞ চালাতে দেবেন না।’ মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্যের অধিকারী পুলিশ। তারা সারা দেশে সহিংসতা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদ, সাংসদ শওকত আরা বেগম, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মণ্ডল প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন।