সহিংসতাকে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন দেশে চলমান নির্বাচন-পরবর্তী সহিংসতাকে দুঃখজনক স্মৃতি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এ দাঙ্গা ১৯৬৭ সালের গৃহযুদ্ধের ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়।’জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট গুডলাক জনাথন এ কথা বলেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।গুডলাক বলেছেন, ‘নাইজেরিয়া এখনো ১৯৬৭ সালের গৃহযুদ্ধের ভয়াবহতার থেকে বেরিয়ে আসতে লড়াই করছে। অথচ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বিরোধীরা একটি “বায়াফ্রা রাষ্ট্র” প্রতিষ্ঠার চেষ্টা করছে।’ নাইজেরিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রায় লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে অনেক হতাহতের খবরও প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট গুডলাক বলেন, এ সহিংসতার উদ্দেশ্য দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া। কিন্তু তিনি দেশকে সামনে নিয়ে যাবেন। প্রেসিডেন্ট নির্বাচনে জনাথনের জয়লাভের খবর ছড়িয়ে পড়ার পর গত সোমবার থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ধরনের সহিংসতাকে ‘জঘন্য কর্মকাণ্ড’ বলে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘বিরোধীরা সাধারণ মানুষকে হত্যা ও আহত করছে। তারা ব্যবসাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি এমনকি ধর্মীয় উপাসনালায়ও জ্বালিয়ে দিচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড অতীতের গৃহযুদ্ধের ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়।’ ১৯৬৭ সালের ২ জুলাই নাইজেরিয়ায় গৃহযুদ্ধ বাধে। ৩০ মাসের এ সংঘাত বায়াফ্রার যুদ্ধ নামে পরিচিত। এতে ১০ লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।