জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি করা যায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভ ও সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন উপাচার্য আনোয়ার হোসেন। তিনি মনে করেন, সহিংসতায় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রশিবির জড়িত। বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন এ কথা জানান। সংবাদ সমেঞ্চলনে উপাচার্য বলেন, সহিংসতার ঘটনায় সরকারের উচ্চপর্যায় থেকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা যেতে পারে। ওই কমিটি বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টিতে কারা জড়িত তা খুঁজে বের করবে এবং সুষ্ঠু ও স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে দিকনির্দেশনা দেবে।বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ছাত্রবিক্ষোভ ও সহিংসতার জন্য ছাত্রশিবিরের সমর্থকেরা জড়িত বলে মনে করেন উপাচার্য। তিনি বলেন, একজন ছাত্র রড, লাঠি ও অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ধ্বংস করতে পারে না। স্বাধীনতাবিরোধী শক্তি এ ধরনের কাজে ইন্ধন জোগাচ্ছে। ছাত্রশিবিরের কার্যক্রম এই ক্যাম্পাসে চালাতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি ছাত্রশিবিরকে ‘অন্ধকারের শক্তি’ বলে উল্লেখ করেন।১৯৮৮ সালে ছাত্রদল নেতা কবির হত্যাকাণ্ডের পর তৎকালীন জাকসুর সিদ্ধান্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রশাসন সে সময় এ সিদ্ধান্তকে সমর্থন করে।উপাচার্য বলেন, গত বুধবার মীর মশাররফ হোসেন হলে ঢোকার সময় পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়নি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে পুলিশ যুক্তি দেখায়, একজন অপরাধীকে আটক করলে সাধারণ শিক্ষার্থীরা খুশি হবেন ভেবে পুলিশ হলে ঢোকে। সংবাদ সম্মেলনে সহ-উপাচার্য ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর তপন কুমার সাহা উপস্থিত ছিলেন।প্রাথমিক প্রতিবেদন জমা: বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি গতকাল উপাচার্যের কাছে সহিংসতার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। প্রক্টর তপন কুমার সাহা জানান, আন্দোলনের ধরন ও ভাঙচুরের ঘটনায় মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের সঙ্গে অন্য হলের শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখা গেছে। গ্রেপ্তার নেই: সহিংসতার ঘটনায় হওয়া তিনটি মামলায় গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম ও সাভার থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।