সহিংসতার ঘটনায় পাঁচ জেলায় ১০ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দলগুলোর গতকাল শুক্রবারের সহিংসতার ঘটনায় পাঁচ জেলায় ১০টি মামলা করা হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও চাঁদপুরে পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গণজাগরণ মঞ্চ ও প্রেসক্লাবে হামলা-অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গতকাল শুক্রবার রাতে সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করে দুটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম প্রথম আলো ডটকমকে বলেছেন, মামলায় পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধাদান, অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন গতকাল রাতে সন্ত্রাস দমন আইন ও দ্রুতবিচার আইনে কোতোয়ালি থানায় ওই দুই মামলা করেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার সভাপতি মশরুর হোসাইনসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। আর দ্রুতবিচার আইনে করা মামলায় শিবিরনেতা মশরুরসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।রাজশাহী: রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে গণজাগরণ মঞ্চ ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে সাড়ে পাঁচ হাজার ব্যক্তির বিরুদ্ধে গতকাল রাতে দুটি মামলা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গণজাগরণ মঞ্চ ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১০০ জনের নাম উল্লেখ করে মোট পাঁচ হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় বাদী হয়েছেন বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম রেজাউল ইসলাম বলেন, নগরের লক্ষ্মীপুর এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগে থানার এসআই মনোয়ারুজ্জামান বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চাঁদপুর: চাঁদপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, জাতীয় পতাকা অবমাননা ও জাগরণী মঞ্চ ভাঙচুরের অভিযোগে আজ শনিবার সকালে চাঁদপুর মডেল থানার পুলিশ দুটি মামলা করেছে। চাঁঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ প্রথম আলো ডটকমকে বলেন, চাঁদপুর শহরের শপথ চত্বরে গতকাল শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে জাগরণী মঞ্চ ভাঙচুর এবং সেখানে উড়ানো জাতীয় পতাকা ও কালো পতাকা ছিঁড়ে অবমাননা করেন। পরে তাঁদের সঙ্গে পুলিশের দেড় ঘণ্টা দফায় দফায় সংর্ঘষ হয়। ওসি জানান, জাতীয় পতাকা অবমাননা ও জাগরণী মঞ্চ ভাঙচুরের অভিযোগে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান মোল্লা বাদী হয়ে আজ দুটি মামলা করেন। দুই মামলায় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। এ মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। সিলেট: সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক দলগুলোর মিছিল থেকে গতকাল শহীদ মিনারে হামলা-ভাঙচুরের অভিযোগে দুটি মামলা হয়েছে। আজ দুপুরে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক জামাল উদ্দিন ও কমর উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, শহীদ মিনারে হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি এবং পুলিশের ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ৭০ জনের নাম উল্লেখসহ দুই মামলায় মোট পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। দুই মামলায় এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।খুলনা: আমাদের খুলনা প্রতিনিধি জানান, খুলনায় গতকালের সহিংসতার অভিযোগে ছয় হাজার ব্যক্তিকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। গতকাল রাতে নগরের সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবির ও সদর থানার এসআই জিলহজ্ব উদ্দীন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলা দুটিতে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।