সহিংসতার ঘটনায় সাত জেলায় ১৭ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও রংপুরের পীরগাছায় জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে ছয়টি, চাঁপাইনবাবগঞ্জে চারটি, বাগেরহাটে দুটি, বগুড়ায় একটি, কসবায় একটি ও রংপুরের পীরগাছায় একটি মামলা হয়। আজ শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি মামলা হয়েছে। বগুড়ায় মামলা করেছে পুলিশবগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে একটি মামলা করেছে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সদর থানায় গতকাল রাতে মামলাটি করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।বগুড়ায় আহত পুলিশ কর্মকর্তার অবস্থা সংকটাপন্নআমাদের বগুড়া প্রতিনিধি জানান, জামায়াত-শিবিরের হামলায় আহত ছয় পুলিশের মধ্যে এসআই আজমল হোসেনের অবস্থা সংকটাপন্ন। অচেতন অবস্থায় গতকাল বিকেলে তাঁকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও আজ শুক্রবার সকাল পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক আজ সকালে প্রথম আলো ডটকমকে বলেন, চিকিত্সকেরা জানিয়েছেন, হামলায় আজমলের মাথার খুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে উন্নত চিকিত্সার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গতকাল বিকেলে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের চৈতন্যপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা পুলিশের ছয় সদস্যকে মারধর করে পাশের ধানখেতে ফেলে যান এবং তাঁদের অস্ত্র লুটে নেন।বাগেরহাটে মামলা, দুজন গ্রেপ্তারআমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, গতকাল জেলায় হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলায় জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গতকাল হরতাল চলাকালে বাগেরহাটের মির্জাপুর জামে সমজিদের সামনে এবং সুন্দরঘোনা এলাকায় দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাগেরহাট মডেল থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়। দুই মামলায় গতকাল রাতে অভিযান চালিয়ে বাগেরহাট সদর উপজেলার গুজিহাটি গ্রামের ইসমাইল তরফদার (৪০) এবং একই উপজেলার সায়েড়া গ্রামের উজ্জ্বল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা উভয়েই জামায়াত-শিবিরের কর্মী। চাঁপাইনবাবগঞ্জে চারটি মামলাচাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানায় তিনটি ও ভোলাহাট থানায় একটি মামলা করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, থানার এসআই সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর আলম ও এসআই বানী ইসরাইল বাদী হয়ে গতকাল রাতে মামলা তিনটি করেন। এর মধ্যে একটি মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দু-তিন হাজার লোককে আসামি করা হয়েছে। আরেকটি মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ছয়-সাত হাজার লোককে আসামি করা হয়েছে। অন্য মামলাটিতে ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ছয়-সাত হাজার লোককে আসামি করা হয়। পুলিশ গত রাতে জামায়াত-শিবিরের সাতজন কর্মীকে গ্রেপ্তার করেছে। ভোলাহাটের ইমামনগর বাজারে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত-শিবিরের ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে ভোলাহাট থানায় মামলা হয়েছে।কসবায় একটি মামলাআমাদের কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে কসবা থানায় একটি মামলা করেছে।কসবা থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বলেন, গতকাল জামায়াত- শিবিরের হামলায় পুলিশের একজন এসআইসহ চারজন সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাত-আট শ লোকের বিরুদ্ধে মামলা করেছে। রাজশাহীতে ছয় মামলারাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জামায়াত-শিবিরের গতকালের সহিংসতার ঘটনায় ছয় থানায় ছয়টি মামলা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি অহিদুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় গোদাগাড়ী থানায় জামায়াত-শিবিরের তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করা হয়েছে। চারঘাট থানার ওসি আবদুর রাজ্জাক খান বলেন, গতকাল উপজেলার হলদিগাছি রেলগেট এলাকায় জামায়াত-শিবিরের হামলায় পুলিশের চারজন সদস্য আহত হন। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২৫ জনকে আসামি করা হয়েছে। বাঘা থানার ওসি হামিদুর রশিদ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। মতিহার থানার ওসি আবদুস সোবহান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রাজপাড়া থানার এসআই মোস্তাক আহাম্মেদ বলেন, নগরের দাসপুকুর এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। পীরগাছায় আসামি এক হাজার ৫৭২ জনআমাদের পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, পীরগাছায় গতকালের সহিংস ঘটনায় জামায়াত-শিবিরের এক হাজার ৫৭২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পীরগাছা থানার এসআই মিজানুর রহমান জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন।সুন্দরগঞ্জে সাবেক সাংসদসহ আসামি ২০ হাজারআমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, পুলিশ হত্যা, থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় আজ সুন্দরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। সুন্দরগঞ্জ থানার এসআই আবু হানিফ ও মিজানুর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত দলীয় সাবেক সাংসদ মাওলানা আব্দুল আজিজসহ ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।