সহিংসতার ঘটনায় কানাডার উদ্বেগ ও নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সহিংসতায় অনেক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কানাডা। সেই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশের অধিকারের চর্চা নিশ্চিত করতে সব দলকে আহ্বান জানিয়েছে দেশটি।গতকাল শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডের দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। কানাডীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।বিবৃতিতে বেয়ার্ড বলেন, বাংলাদেশে প্রাণঘাতী সহিংসতা বেড়ে যাওয়ায় বেশ কিছু লোকের প্রাণহানি ও কয়েক হাজার লোক আহত হওয়ায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সহিংসতা বন্ধ, শান্তিপূর্ণভাবে বিরোধ মেটানোয় এবং বাংলাদেশের সমাজের ক্রমবর্ধমান বিভক্তি দূর করতে সব পক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের সব নাগরিকের জীবন ও অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।বেয়ার্ড বলেন, ‘সাধারণ লোকজনের ওপর কাণ্ডজ্ঞানহীন হামলা করা হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু লোকজনের বাড়ি-ঘর ও তাদের সম্পদের ওপর হামলার কঠোর ভাষায় নিন্দা জানাই আমরা। বহুমত, ধর্মীয় স্বাধীনতার প্রতি বাংলাদেশের অঙ্গিকারকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে সমগ্র বাংলাদেশে শান্তি ও পরমতসহিষ্ণুতা বিকাশে সরকার ও সব রাজনৈতিক দলের নতুন প্রয়াসকে উত্সাহিত করি।’ কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে মত প্রকাশের এবং সমবেত হওয়ার মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সব রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই। আর শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে এ অধিকার চর্চার জন্য সবার প্রতি আমরা আহ্বান জানাই।’