সহিংসতার ঘটনায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক ছাত্রবিক্ষোভ ও সহিংসতার মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর আবাসিক হল ছেড়েছেন শিক্ষার্থীরা। সহিংসতার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ দুটি এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের হামলায় আহত শিক্ষার্থী তাহমিদুল ইসলামের মা একটি মামলা করেন।সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাহমিদুলের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার দুপুরের দিকে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। হাসপাতালে তাহমিদুলের সঙ্গে থাকা তাঁর স্বজনেরা চিকিৎসকদের বরাত দিয়ে জানান, অক্সিজেন দেওয়ার পর তাহমিদুলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রের বিবরণ অনুযায়ী, ছাত্রদের বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার সকাল নয়টার মধ্যে হল ছেড়ে দিতে বলা হয় ছাত্রীদের। শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে হল ছেড়ে যান। বৃহস্পতিবার রাতে ছাত্রীদের হলে গিয়ে তাঁদের খোঁজখবর নেন উপাচার্য আনোয়ার হোসেন। নির্দিষ্ট সময়ের আগে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় তিনি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় গতকাল সকালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী সাবরিনা প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ে ক্লাস শেষ হবে না, পরীক্ষাও হবে না। সেশনজটের ভোগান্তি আরও বাড়বে।’ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা ও মারধরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) বদরুল আলম বৃহস্পতিবার রাতে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন।একই অভিযোগে সাভার থানায় মামলা করেছেন এই থানার এসআই সাজ্জাদ রোমান। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই শতাধিক শিক্ষার্থীকে আসামি করা হয়। এ ছাড়া তাহমিদুলের মা কাজী জোহরা তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার অভিযোগে সাভার থানায় একটি মামলা করেছেন। এই মামলায় তিনি ১০ জনের নাম উল্লেখ করেছেন। সাভার থানার ওসি মো. আসাদুজ্জামান তাঁর থানায় দুটি মামলা দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করেন।