সহিংসতার জন্য মালিকিই দায়ী: হাশেমি
ইরাকে আকস্মিক সহিংস ঘটনার জন্য ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমি প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে দায়ী করেছেন। প্রধানমন্ত্রী মালিকিকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁর উচিত ছিল দেশের নিরাপত্তাব্যবস্থার দিকে নজর দেওয়া। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে সম্প্রতি হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় ইরাকে রাজনৈতিক সংকট দেখা দেয়।ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কয়েক দিন পরেই গতকাল বৃহস্পতিবার রাজধানী বাগদাদে পৃথক ১৬টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৬৮ জন নিহত ও ২০০ জন আহত হয়। এর মধ্যে ১৩টি হামলা ঘটে শিয়া অধ্যুষিত এলাকায়। হাশেমি বিবিসির আরবি সার্ভিসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমাদের উচিত মালিকির নিন্দা করা। তিনি যে সংকট সৃষ্টি করেছেন, তা নিয়ন্ত্রণ করা সহজ নয়।’ তিনি বলেন, সরকার সন্ত্রাসীদের বাদ দিয়ে ‘দেশপ্রেমিক’ রাজনীতিবিদদের হয়রানি করতে ব্যস্ত থাকায় এসব হামলার ঘটনা ঘটছে। আজকের এ পরিস্থিতিই প্রমাণ করে দেশের নিরাপত্তা দিতে প্রশাসন কতটা ব্যর্থ। কেননা, নিরাপত্তা সেবা এখন ভুল পথে চালিত হচ্ছে।হাশেমি এর আগে প্রধানমন্ত্রীর আচরণ ও সরকার পরিচালনার ধরনকে সাদ্দাম হোসেনের ধরনের সঙ্গে তুলনা করে মার্কিন একটি ম্যাগাজিনকে বলেন, ‘মালিকি দেশ পরিচালনায় অদক্ষ।’