সহিংসতার দায় বিএনপিকে নিতে হবে: নাসিম (ভিডিও)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির কিছু নেতা কয়েক দিন ধরে বলছেন, দেশে আরও রক্তপাত ও সহিংসতা হবে। তাঁরা এসব কথা কীভাবে বলছেন, তা শুনে আমরা বিস্মিত হই। আর যদি দেশে কোনো সহিংসতা হয়, তাহলে এর দায়দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।’আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে নাসিম এসব কথা বলেন।নাসিম বলেন, ‘একটি ধর্মান্ধ গোষ্ঠী দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা সাম্প্রদায়িকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নেব।’ তিনি বলেন, হেফাজতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির মাধ্যমে আরেকটি অরাজকতা সৃষ্টি করতে চায়।আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৪ দলের আজকের সভায় বিপ্লবী বিনোদবিহারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সভায় ভুজপুর থানায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে বিএনপি-জামায়াতের সংঘবদ্ধ হামলা, রাজশাহীতে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসায় ককটেল নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ১৪ দলের কর্মসূচি: চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের প্রতিবাদ সমাবেশ। ১৮ এপ্রিল আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নারী নেতাদের সঙ্গে সংহতি বৈঠক। এ ছাড়া ২, ৩ ও ৪ মে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা উপস্থিত থাকবেন।এর আগে বেলা সাড়ে ১১টায় মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ১৪ দলের সভা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।