সহিংসতার দায় নিতে হবে বিরোধী নেত্রীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সহিংস কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়াকেও ছাড় দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে এ ধরনের অপরাধের দায় নিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ ইতিমধ্যে যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। নিরীহ মানুষ, পুলিশ সদস্য, রিকশাওয়ালা ও চালকদের হত্যার পর যদি আপনি মনে করেন, আপনি ছাড় পাবেন, সেটা ঠিক নয়। এ ধরনের সহিংস কার্যক্রমের জন্য আপনি এবং আপনার সহযোগী জামায়াতে ইসলামীকে দায় বহন করতে হবে।’গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই জনসভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশে গ্যাস রপ্তানি করতে অস্বীকৃতি জানানোর কারণে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি। আর বিএনপি ভারতের সঙ্গে গোপনে গ্যাস বিক্রির চুক্তি করে ক্ষমতায় এসেছিল। তাদের আমলে শ্রীকাইলে গ্যাসকূপ খনন করে গ্যাস পাওয়া যায়নি। আর এখন গ্যাস উত্তোলন হচ্ছে। দলের দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাংসদ আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, সাংসদ আ ক ম বাহাউদ্দিন, মো. আলী আশরাফ, আবদুল মতিন খসরু, মো. তাজুল ইসলাম, নাছিমুল আলম চৌধুরী প্রমুখ।শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বাধীনতা ও বিজয়ের সব চিহ্ন মুছে ফেলেন। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। জিয়াউর রহমান এসে তাঁদের মুক্ত করে সমাজে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে খুনের রাজত্ব কায়েম করেন। বর্তমানে বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের বাঁচাতে মানুষ খুন করছেন।জনসভা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে বোতাম টিপে ২৪টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকাল ১০টায় মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ খনন ও গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মকলিসপুরে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে তৎকালীন প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের বাসভবনে এক বৈঠক হয়। সেখানে তিনি নিজে, বেগম খালেদা জিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার উপস্থিত ছিলেন। ওই বৈঠকে একটি দেশে গ্যাস রপ্তানির বিষয়ে আলোচনা হয়। আমি দেশের চাহিদা মেটানোর পর বিদেশে গ্যাস রপ্তানি হবে বলে বিরোধিতা করেছিলাম। আর খালেদা জিয়া গ্যাস রপ্তানি করতে সম্মত হয়েছিলেন।’ শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনর্নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকার, আবদুল আওয়াল সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন বক্তব্য দেন।নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের উদ্বোধন: বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী কুমিল্লা শহরের ধর্মসাগরপাড়ের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সড়ক লাগোয়া নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের উদ্বোধন ও পরিদর্শন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় কবি নজরুলের শ্বশুরবাড়ি। তাঁর সম্মানে কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র হয়েছে। তাই জামাইয়ের সম্মান ভালোভাবে রাখতে হবে। তাঁর স্মৃতিচিহ্ন ও ঐতিহ্য ধরে রাখতে হবে।’