সহিংসতার পর অনন্তনাগে আবারও কারফিউ জারি
কাশ্মীরের পুরাতন অনন্তনাগ শহরে গতকাল শনিবার দুই ঘণ্টা কারফিউ শিথিল করা হলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও তাঁদের ওপর লাঠিপেটা করেছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ ত্রেহগাম ও কুপওয়ারা শহরে নতুন করে কারফিউ জারি করেছে।জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গত ২৯ জুন অ্যানকিদোরার এসকে কলোনিতে এক বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার ঘটনা তদন্ত করার জন্য অনন্তনাগের সহকারী জেলা ম্যাজিস্ট্রেট জিএম দারকে নিয়োগ করেছেন।শ্রীনগরের আবাসিক এলাকা ছাড়া, বারামুল্লা, মাত্তান, বিজবেহারা, দুরু, কোকেরনাগ, অনন্তনাগের আচ্ছাবল, কুলগামের কুইমোহ ও পুলওয়ামা জেলায় কারফিউ বলবৎ রয়েছে।পুলিশ জানায়, শনিবার সকালে কর্তৃপক্ষ তিন ঘণ্টা কারফিউ শিথিল করার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই সহিংসতা শুরু হয়। এ সময় লালচোক ও শেরপুরা এলাকায় লোকজন জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করলে কারফিউ শিথিল করার আদেশ তুলে নেওয়া হয়।শহরটিতে তিনজন যুবক নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মীদের এখনই গ্রেপ্তার করার দাবি জানান বিক্ষোভকারীরা। তাঁরা দাবি করেন, বাড়ি থেকে ওই তিন যুবককে ধরে নিয়ে হত্যা করা হয়। বিক্ষোভকারীরা প্রধান চকের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ছাড়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তাকর্মীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।এদিকে চরমপন্থী হারিয়াত কনফারেন্স ঘোষণা করেছে যে, আগামীকাল সোমবার স্কুলের ছাত্রছাত্রীরাও শ্রীনগরে অনুষ্ঠেয় বিক্ষোভে অংশ নেবে। দলটি আরও জানায়, আগামী বুধবার সেখানে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।সহিংসতার কারণে জম্মু ও কাশ্মীরের পাবলিক সার্ভিস কমিশন শনি ও রোববারের পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে।