সহিংসতার পর তিউনিসিয়ায় কারফিউ জারি
তিউনিসিয়ার রাজধানী তিউনিসসহ আটটি অঞ্চলে গতকাল মঙ্গলবার রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। চিত্রপ্রদর্শনী বন্ধে হামলার ঘটনা থেকে দেশটির বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়লে প্রশাসন এ সিদ্ধান্ত নেয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।সিএনএনের খবরে বলা হয়েছে, চিত্রপ্রদর্শনী বন্ধের দাবিতে বেশ কয়েকটি হামলার ঘটনার পর গতকাল রাত নয়টা থেকে আজ বুধবার ভোর পাঁচটা পর্যন্ত আট ঘণ্টার এ কারফিউ জারি করা হয়। রাজধানী তিউনিস, আরিয়ানা, মানুবা, বেন আরুস, সোসে, জেনদুবা, মোনাস্তির ও বেন গুয়েরদানে এ কারফিউ বহাল ছিল।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, তিউনিসিয়ার সরকার এ হামলার জন্য সালাফিস্ট হিসেবে পরিচিত ইসলামি উগ্রপন্থীদের দায়ী করছে। তবে তারা ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।রয়টার্সের খবরে বলা হয়, তিউনিসিয়ার উত্তরাঞ্চলের লা মারসার একটি চিত্রশালায় ধর্মীয় অবমাননাকর ছবির প্রদর্শনী চলছে—এমন অভিযোগ তুলে গত সোমবার ইসলামি উগ্রপন্থীরা হামলা চালায়। এর পর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনদুবায়ও রাতভর সহিংসতা চলে।দেশটির বেতারে প্রচারিত বক্তব্যে বিচারবিষয়ক মন্ত্রী নুরুদ্দিন ভিরি দুর্বৃত্তদের সতর্ক করে বলেছেন, সহিংসতায় জড়িত ব্যক্তিদের চড়া মূল্য দিতে হবে। এই জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ হারিয়েছে। সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তিউনিসিয়াবাসীর প্রতি আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর এ ধরনের সহিংসতার ঘটনা ঘটল। সম্ভবত দুর্বৃত্তরা ওই গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়ে এমনটা করেছে বলে তিনি মনে করেন।দোষীদের ২০০৩ সালের সন্ত্রাসবিরোধী আইনে বিচার করা হবে বলে বিচারবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।