সহিংসতার বিরুদ্ধে আরও কঠোর হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাহসিকতার সঙ্গে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সহিংসতার বিরুদ্ধে তাঁদের আরও কঠোর হতে হবে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে হরতালবিরোধী এক পথসভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।আ ফ ম রুহুল হক বলেন, ‘সহিংসতা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা যাবে না। আজ যাঁরা দেশে সহিংসতা চালাচ্ছেন, তাঁরা একাত্তরে বাংলাদেশ চাননি। পঁচাত্তরে তাঁরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছিলেন। তাঁরা দেশ ও জাতির চিহ্নিত শত্রু।’ তিনি আরও বলেন, ওই অপশক্তিরাই ছাত্রলীগের নেতা মামুনকে হত্যা ও আওয়ামী লীগের নেতা নজরুলের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটসহ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালিয়েছে। তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। এর আগে মন্ত্রী জামায়াত-শিবিরের হামলায় নিহত সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এম মামুন ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলামের বাড়িতে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন ও ব্যক্তিগত তহবিল থেকে ওই দুই পরিবারকে আর্থিক অনুদান দেন। এ সময় মামুনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মন্ত্রীকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালানোর পর আওয়ামী লীগের কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হয়। কিন্তু তাঁদের উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেননি।