সহিংসতার মধ্যে উইসামের দাফন
লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) গোয়েন্দা শাখার প্রধান উইসাম আল-হাসানের দাফন গতকাল রোববার সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।রাজধানী বৈরুতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির কবরের পাশে উইসামকে গতকাল বিকেলে দাফন করা হয়।আজ সোমবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে জানানো হয়, গতকাল রোববার রাতে রাজধানী বৈরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষুব্ধ জনতা রাইফেল ও রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে। দাফন অনুষ্ঠানে জনতার ঢল নামে। বিরোধীদলীয় নেতাদের আহ্বানে ওই দাফন অনুষ্ঠান একপর্যায়ে সরকারবিরোধী রাজনৈতিক সমাবেশে রূপ নেয়। বিরোধীদলীয় এক নেতা প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগ দাবি করার পর সহিংস হয়ে ওঠে বিক্ষুব্ধ জনতা। বাধা অতিক্রম করে একদল জনতা প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে রওনা হয়। তারা প্রধানমন্ত্রীর দপ্তর ভাঙচুরের চেষ্টা চালায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর, রড ও বোতল নিক্ষেপ করে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়ে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বৈরুতে গত শুক্রবার গাড়িবোমা হামলায় উইসামসহ আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা তদন্তে লেবাননকে সহায়তা করবে তারা।ওই হামলার ঘটনায় ক্ষুব্ধ রাজনৈতিক নেতারা লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগ দাবি করেন। তবে তিনি এই দাবি প্রত্যাখ্যান করেন। শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে নাজিব বলেন, তিনি প্রেসিডেন্ট মিশেল স্লেইমানের অনুরোধে এবং দেশে ‘রাজনৈতিক শূন্যতা’ এড়াতে প্রধানমন্ত্রীর পদে বহাল থাকার সিদ্ধান্ত নিয়েছেন।বৈরুতে হামলার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। উইসাম হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে জাতিসংঘ-সমর্থিত একটি আদালত ওই হামলার ঘটনায় শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ জড়িত বলে অভিযোগ করেছে।লেবাননে বর্তমান সরকারে হিজবুল্লাহ শরিক দল। সিরিয়ার ক্ষমতাসীন সরকারের সঙ্গেও হিজবুল্লাহর সুসম্পর্ক রয়েছে। তবে সংগঠনটি গত শুক্রবারের ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলাকে’ লেবাননের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা বলে মন্তব্য করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের চরম বিরোধী ছিলেন উইসাম। বৈরুতে ২০০৫ সালে এক হামলায় নিহত হন তত্কালীন প্রধানমন্ত্রী রফিক হারিরি। ওই ঘটনার পর লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় সিরিয়া। লেবাননে ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত গৃহযুদ্ধের পর লিবিয়ার বড় অংশ দখল করে নিয়েছিল সিরিয়া।