আগামীকাল শনিবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। গত এক মাস রাজশাহীর পরিস্থিতি শান্ত থাকলেও ভোটের আগে সবার মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। মেয়র পদের প্রধান দুই প্রার্থী এবং একজন কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন। গোয়েন্দা সংস্থাগুলোও সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছে নির্বাচন কমিশনকে।তবে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান প্রথম আলোকে বলেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের পরও যেন কোথাও সহিংসতা না হয়, সে ব্যাপারেও আমরা সতর্ক আছি। কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেব না।’রিটার্নিং কর্মকর্তাও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানিয়েছেন। মহানগরে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।নির্বাচনে ১৪-দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী ও সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেছেন, বিএনপির সঙ্গে মাঠে নেমেছে জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁদের শঙ্কা আছে।নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে ১৪ দল ইতিমধ্যে সংবাদ সম্মেলনও করেছে। সংবাদ সম্মেলনে রাজশাহীর সাংসদ ও খায়রুজ্জামানের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলে হোসেন বলেন, ‘১৮-দলীয় জোট সন্ত্রাসী নামিয়েছে। আমরা সহিংসতার আশঙ্কা করছি। ইতিমধ্যে আমরা ৯১ জন সন্ত্রাসীর একটি তালিকা নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে দিয়েছি। আমরা চাই তাদের গ্রেপ্তার করা হোক।’এদিকে ১৮-দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনও নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বিএনপি-জামায়াতের ভোটব্যাংক রয়েছে। সেখানে ছাত্রলীগের অস্ত্রধারীদের জড়ো করা হচ্ছে।বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিটি করপোরেশনের ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপি-জামায়াতের ভোটব্যাংক রয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ভোটব্যাংক দখলের প্রস্তুতি নিয়েছে। মোসাদ্দেক হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রলীগের ক্যাডারদের হাতে যে পরিমাণ অস্ত্র দেখা গেছে, সেগুলো উদ্ধার করা হয়নি। আমরা বারবার পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে অনুরোধ জানালেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি।’এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আলম গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশ সন্ত্রাসীদের যেভাবে প্রশ্রয় দিচ্ছে, তাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না, তা নিয়ে তাঁর শঙ্কা আছে।আরও কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীও সহিংসতার আশঙ্কার কথা জানান। প্রার্থীরা এমন শঙ্কা প্রকাশ করায় ভোট গ্রহণের আগে আগে নগরে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করছি, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না।’তবে নাম প্রকাশ না করার শর্তে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে কেন্দ্র করে অনেক সন্ত্রাসী ও বহিরাগত ব্যক্তি রাজশাহী শহরে ঘোরাফেরা করছে। তাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য পুলিশকে বারবার বলা হয়েছে। তবে পুলিশ যেন বিষয়টা কানে তুলছে না।অবশ্য রাজশাহী মহানগর পুলিশের কমিশনার সব আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘যেকোনো মূল্যে শান্তিপূর্ণ নির্বাচন করা হবে। গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ভোটকেন্দ্রগুলোতে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। এর বাইরে র্যাব-বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত তো আছেই। নির্বাচনের পরও যেন কোনো সহিংসতা না হয়, সে ব্যাপারেও আমরা সতর্ক আছি।’