সহিংসতার শিকার নারীরা সারা জীবন মানসিক সমস্যায় ভোগেন
সহিংসতার শিকার নারীরা তাঁদের জীবনে নানা ধরনের মানসিক সমস্যায় ভোগেন। সম্প্রতি অস্ট্রেলিয়ান জার্নাল অব মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, যেসব নারী তাঁদের সঙ্গী বা অন্য কোনো পুরুষের দ্বারা যৌন বা শারীরিক নির্যাতনের শিকার হন, তাঁরা সারা জীবন উচ্চমাত্রায় হতাশা বা অন্যান্য মানসিক সমস্যায় ভোগেন।চার হাজার ৪০০ নারীর ওপর এ গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখা গেছে, ২৭ শতাংশ নারী জানিয়েছেন, তাঁরা যৌন বা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন বা সহিংসতার শিকার এ নারীরা তিন থেকে ১১ গুণ বেশি বিষাদে বা শঙ্কায় ভোগেন।গবেষণায় বলা হয়েছে, যেসব নারী ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতনসহ কমপক্ষে তিন বা চার ধরনের সহিংসতার শিকার হন, তাঁদের মধ্যে ৮৯ শতাংশই মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন। আর গবেষণায় অংশ নেওয়া মাত্র ২৮ শতাংশ নারী জানিয়েছেন, তাঁরা কোনো সহিংসতার শিকার হননি।গবেষণায় নারীর প্রতি সহিংসতা ও তাঁদের মানসিক স্বাস্থ্যগত অবস্থার মধ্যে শক্তিশালী কার্যকারণ সম্পর্ক পাওয়া গেছে। গবেষণার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতা জনস্বাস্থ্যের ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করছে। সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক সুসান রেস বলেছেন, জেন্ডারভিত্তিক সহিংসতার সঙ্গে নারীর মানসিক স্বাস্থ্যের অসংগতির অবদান রয়েছে।গবেষণায় অংশ নেওয়া শারীরিক সহিংসতার শিকার অনেক নারীই জানিয়েছেন, তাঁদের মানসিক সমস্যার আগেই বেশ কম বয়সেই তাঁরা সহিংসতার শিকার হন।