জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে খলিলুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন পথচারী আহত হন।খলিলুল রহমান (২২) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর ৮৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল বাতেন।এ ছাড়া গতকাল হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটালেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরান ঢাকার ইসলামপুরে জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে গতকাল সকাল সাতটার দিকে যাত্রাবাড়ীর এ কে হাইস্কুলের সামনে থেকে ছাত্রশিবিরের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি দনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দিকে যেতে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল এবং ককটেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেয় পুলিশ। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে খলিলুর রহমানের মাথায় গুলির চিহ্ন দেখা যায়। তাঁর বুক, পিঠ ও হাতে রাবার বুলেটের ক্ষতচিহ্ন ছিল। বিকেল পাঁচটায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জানমাল রক্ষায় পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। এ সময় খলিলুর রহমান চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার দাবি করেন, খলিলুর রহমান পুলিশের গুলিতেই নিহত হন। ঘটনার পর সকাল নয়টার দিকে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যাত্রাবাড়ী থানার ওসি অবণী সরকারের নেতৃত্বে পুলিশ পেছন থেকে গুলি চালায়। এতে মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খলিলুর রহমান গাড়ির চাপায় মারা গেছেন। আর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, খলিলুর রহমান গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে মারা গেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় জামায়াত-শিবিরের কর্মীরা মিছিলসহ দুটি গাড়ি ভাঙচুরের সময় পুলিশ ধাওয়া করলে একজন পথচারী পালানোর সময় গাড়িচাপায় মারা যায়।’যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপারসন জহুরুল ইসলাম আহত হন। এ ছাড়া গতকাল হরতাল চলাকালে মিরপুরের আয়ুর্বেদিক কলেজের সামনে শিবিরের কর্মীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। সাংবাদিকেরা এর ছবি তুলতে গেলে মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার জসিম উদ্দিন বাধা দেন। একপর্যায়ে পুলিশ রেডিও টুডের অমিত রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়।এ ছাড়া গতকাল বেলা ১১টায় আদাবর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে গোলাম হায়দার নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের জেল দিয়েছেন। জামায়াতের ৪৮ ঘণ্টার এ হরতাল ছিল দেশব্যাপী। শেষ দিনে গতকাল লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিমের গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। এ নিয়ে পুলিশ-হরতালকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। সাভারে পুলিশের গাড়িতে হামলা চালানোর পর ঘটনাস্থল থেকে হাতবোমাসহ শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। নোয়াখালীর চাটখিলে যুবলীগের হরতালবিরোধী মিছিলের পরপরই বিস্ফোরিত ককটেলে পথচারীসহ পাঁচজন আহত হয়। নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জামায়াত-সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। ১ আগস্ট হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিলে ওই দিনই দলটি ‘জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র, দলের নেতাদের হত্যার চক্রান্ত ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার পরিকল্পনা করছে’—অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল ডাকে। ঈদের ছুটির পরপর এ হরতালে কর্মস্থলে ফিরতে মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। গতকাল হরতাল শেষে এক বিবৃতিতে আজ নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।