সহিংসতায় সারা দেশে নিহত ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা-পুলিশের ওপর হামলা এবং ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়েছে।এক মাসের বেশি সময় ধরে হওয়া এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকদের হামলা এবং পুলিশের গুলিতে নিহত হয়েছে ৩৯ জন। আহত হয়েছে সহস্রাধিক।প্রথম পর্যায়ে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ছয় দিনব্যাপী ইউপি নির্বাচনে চারজনের প্রাণহানি হয়েছিল। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন এবং ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম পর্যায়ে উপকূলীয় ১২টি জেলার ৫৫৩টি ইউপিতে নির্বাচন হয়। দ্বিতীয় পর্যায়ে ৩১ মে থেকে ৭ জুলাই পর্যন্ত ৫৬টি জেলার প্রায় তিন হাজার ৭৫০টি ইউপিতে ভোট গ্রহণ করা হয়।এ ছাড়া সীমানা-সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে শতাধিক ইউপিতে নির্বাচন স্থগিত রয়েছে।দ্বিতীয় পর্যায়ের ইউপি নির্বাচন চলার সময় গত ১৪ জুন নির্বাচন কমিশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠায়। এর পরও বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা অব্যাহত ছিল। যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে অতীতের যেকেনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অনেক বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ। তবে কিছু জায়গায় নির্বাচনের আগে ও পরে সহিংসতা হয়েছে। পুলিশের তৎপরতা সত্ত্বেও ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সহিংসতায় অনেকে হতাহতও হয়েছে। এটা আসলে আমাদের সাংঘর্ষিক রাজনীতির সংস্কৃতির ফসল।নির্বাচন কমিশনার বলেন, কমিশন আন্তরিকভাবে নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করেছে। বেআইনি তৎপরতার কারণে ২৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কয়েকজন সাংসদকেও সতর্ক করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত ১৪ জন: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নে ৩ জুলাই পরাজিত চেয়ারম্যান প্রার্থী মমিন দিদারের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫০টি গুলি ছোড়ে। এতে ওই প্রার্থীর সমর্থক দুলাল গাজী, আবুল খায়ের চৌকিদার ও আবদুর রহিম নিহত হন।সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের উত্তর গ্রাম চিকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ৯ জুন ভোট গণনার সময় এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। পরে তারা র‌্যাব ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ পাঁচ সমর্থকের মধ্যে সায়েদ বেপারীর (২০) মৃত্যু হয়। জেলার ডামুড্যা উপজেলার সম্ভুকাঠি এলাকায় গত ২৯ জুন সন্ধ্যায় পুলিশ বিজয়ী ইউপি সদস্য মাহাবুব সরদারের আনন্দ মিছিলে লাঠিপেটা করে। মিছিলকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ নয়টি গুলি ছোড়ে। এতে সম্ভুকাঠি গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্র সবুর বকাউলের (১৩) মৃত্যু হয়।কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দিগল হাইল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ২১ জুন ভোট গণনার পর চেয়ারম্যান পদপ্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণার দাবি জানায় সমর্থকেরা। কিন্তু নির্বাচনী কর্মকর্তারা তা ঘোষণা না করে পুলিশের পাহারায় ব্যালট বাক্স নিয়ে যাওয়ার চেষ্টা করেন। লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ঘেরাও করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ দুজনের মধ্যে সপ্তম শ্রেণীতে পড়ুয়া বায়েজিদ হাসানের মৃত্যু হয়।পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে ফল ঘোষণা নিয়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি চাঁদ প্রামাণিকের সমর্থকেরা গত ১ জুন সড়কে গাছ ফেলে এবং ভোটকেন্দ্র অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা ভোটকেন্দ্র ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ এসে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। একপর্যায়ে হাটুরিয়া পশ্চিমপাড়ার শ্রমিক ওসমান গণি গুলিবিদ্ধ হয়ে মারা যান। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাশপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ১৩ জুন ভোট গণনার সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় ও ব্যালট বাক্স ছিনতাই করে। পরে পুলিশ গুলি চালালে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। গুলিতে পাঁচবিবি বাজারের মাসুম হোসেনের মৃত্যু হয়।চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের কালিয়াইশ ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ১৯ জুন ব্যালট পেপার ছিনতাই করে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন। এ সময় পুলিশের গুলিতে আবু ইউসুফ ওরফে মনা (২৮) নামের একজন নিহত হন। এ ব্যাপারে মতলব থানার ওসি খান মো. এরফান বলেন, এক প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের একটি অস্ত্র ছিনতাই করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ গুলি ছোড়ে। এতে একজন নিহত হন।টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহবেদপুর ইউনিয়নের সহবেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করে ফেরার পথে গত ২ জুন নির্বাচনী কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায় উচ্ছৃঙ্খল জনতা। পুলিশ লাঠিপেটা করে এবং গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। গুলিতে সুনুটিয়া গ্রামের কাওসার আহমেদ (১৪) নামের এক কিশোর নিহত হয়। কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে গত ১১ জুন পুলিশের গুলিতে নিহত হয় চতুর্থ শ্রেণীর ছাত্র আবিদুল ইসলাম (১০)। মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে গত ১ জুন পুলিশের গুলিতে মারা যায় দেলোয়ার হোসেন (২৫) নামের একজন।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে গত ৪ জুন আওয়ামী লীগের সমর্থিত এক প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ ১১টি গুলি ছোড়ে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী মন্টু গুলিবিদ্ধ হয়ে মারা যান। নোয়াখালীর চাটখিলে পুলিশ গুলি ছুড়লে বাবলু নামের একজন নিহত হন।এ ছাড়া গত ২১ জুন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর কেন্দ্রে র‌্যাবের ধাওয়া খেয়ে পদদলিত হয়ে জোয়াহির মিয়া নামের একজনের মৃত্যু হয়।প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হামলা ও সংঘর্ষে নিহত ২৫ জন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী ও তারাকান্দা থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গত ১৫ জুন কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ১২ দিন পর ২৭ জুন জেলার ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নে হামলা ঠেকাতে গেলে মোফাজ্জল হোসেন (৩২) নামের একজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।গত ২১ জুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামকে মারধর করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজগর আলীর সমর্থকেরা। পরে হাসপাতালে নেওয়ার পথে নজরুলের মৃত্যু হয়। ওই দিন রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, নজরুল বিজয়ী হয়েছিলেন।গত ১৮ জুন রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনে জয়ী হন আলী আকবর। পরদিন পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থক জাফর মিয়ার সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে আকবরের সমর্থকেরা। পরে জাফর বাড়িতে ঢুকে তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করেন। এতে আকবরের দুই ভাই ও দুই সমর্থক গুলিবিদ্ধ হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকবরের ভাই ও ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল মোমিনের (২৩) মৃত্যু হয়।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নে গত ১২ জুন ভোট না দেওয়ার অভিযোগ তুলে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরউদ্দিন আহমেদ উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের বাড়িতে হামলা চালান। এতে রফিকের ছোট ভাই আনিছ উদ্দিন ঠাকুর (৪৫) ও পথচারী লিল মিয়া (২৮) নিহত হন।প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছে নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরসাহেব মধ্যপাড়া গ্রামের সোহেল মিয়া (১৮), রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের কামাল মিয়া, সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের কাষ্টসাগরা গ্রামের বিএনপির কর্মী জামিরুল ইসলাম জোয়ার্দার, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দীন লস্কর (৪১), রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামের আবদুল কুদ্দুস (৫০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের আইয়ুব আলী মাস্টার, জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের মোজাফফর হোসেন, মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খাঁ ইউনিয়নের মোহব্বত আলী (৬৫), এনায়েতনগর ইউনিয়নের খুনেরচর গ্রামের বেলাল কাজী ও মধ্যেরচর গ্রামের মোসলেম সর্দার (৬০), নড়াইলের সদর উপজেলার তারাপুর গ্রামের মামুন শেখ (৪৫), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিনের মেঘারপটল গ্রামের সন্দেশ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের শাহ আলম, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের খোদেজা বেগম (৫৫), একই উপজেলার উজানী ইউনিয়নের মহাটালী গ্রামের ভোলানাথ দাস (৭০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের জামাল হোসেন, দাউদকান্দিতে জিংলাতলী ইউনিয়নের পরাজিত সদস্য প্রার্থী আবদুল বাতেন, ঝিনাইদহের সদর উপজেলার সাঘান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা শাহজাহান সিরাজ, যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী হাসান মণ্ডল। প্রথম পর্যায়ের ইউপি নির্বাচনে চারজন নিহত: পটুয়াখালী সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের ইউসুফ হাওলাদার, বদরপুর ইউনিয়নের শহিদুল ইসলাম ও মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মজিবর রহমান মৃধা এবং খুলনার তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ফকির প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার আগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজারে চেয়ারম্যান পদপ্রত্যাশী মোফাজ্জল হোসেন ও ফুলবাড়িয়ার রাঙামাটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম প্রতিপক্ষের হামলায় নিহত হন। নির্বাচনের দুই মাস পর গত ৩০ মে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য ও সরসপুর গ্রামের সোহরাব হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। (প্রতিবেদনটি তৈরি করেছেন মাহবুব আলম)