সহিষ্ণুতার অভাব ঢিলটি মারা স্বভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছি! ছি! এটা কী করল! কেমন হলো ব্যাপারটা! লজ্জায় দুনিয়ার কাছে নাক-কান কাটা গেল না! না, খারাপ খেলার জন্য এ কথা নয়। ক্রিকেটে ‘এমন অবস্থা সব’ দলেরই মাঝেমধ্যে আসে। মনও খারাপ হয়। তাই বলে মন খারাপ করে সেসব দেশের মানুষ কি ঢিল ছোড়ার দুর্বুদ্ধি করে? দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়? আমি অসহিষ্ণু সমর্থকদের কথা বলছি। দেশে এই ঘটনাই ঘটল। ক্রিকেটপ্রেমী বলে যে দেশের সুনামটুকু দীর্ঘকালের অর্জিত গর্ব, তাকে কি ধূলিসাৎ করার ব্যাপার হলো না? খেলায় হেরে যাওয়ার চেয়ে বড় হার আমাদের হয়ে গেল মানসিকতার ক্ষেত্রে। আমরা ভুলেই গেলাম যে বিশ্বকাপের মতো বিশাল আয়োজনের গুরুভার আমরা অর্জন করেছি ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে। মূলত সমর্থকদের সুনামের কথা ভেবেই তো এই প্রাপ্তি।এমন তো নয় যে আমরা ক্রিকেটে মহাশক্তি; প্রতিনিয়ত জয়ই আমাদের সঙ্গী। আসলে তো হারের দিকটাই বেশি। জয়লাভের ঘটনা তেমন নিয়মিত নয়। তো, হার দেখে প্র্যাকটিস নেই তা তো নয়। তাহলে এই দুর্মতি কেন? তা-ও আবার ঢিল-পাটকেল মারা হলো প্রতিপক্ষ বিদেশিদের গাড়িতে। সত্যিই, ব্যাপারটি লজ্জিত করেছে। দেশের সুনাম ভূলুণ্ঠিত হয়েছে। ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে আমাদের গর্বটুকু প্রশ্নবিদ্ধ হলো।যা হোক, এবার একটু খেলা নিয়ে বলি।নিজেও জানি, তার পরও সবাই বলেছে, খেলাটি অত্যন্ত ভাইটাল। এটাতে কোনোভাবে জিতলেই কেল্লাফতে। কোয়ার্টার ফাইনালের দিকে অনেকখানি এগিয়ে যাবে টাইগাররা। যদিও সামনে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে, তবু চান্স প্রায় হাতের মুঠোর কাছাকাছি। গ্রুপে রয়েছে হল্যান্ড। হল্যান্ডকে তো তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু আসলে কী হলো? একেবারে ঝপাৎ করে প্রপাতধরণিতল। এমন কেন হলো, বোঝা গেল না। আয়ারল্যান্ডকে—বলতে গেলে কষ্টেসৃষ্টেই হোক অথবা মনোবলের জোরেই—হারানোর মহা আনন্দে মহাশূন্যে ভাসছিলাম আমরা। কিন্তু কী করতে যে কী হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে একেবারে তুলে আছাড় মারল। ক্রিকেটে এন্তার এসব ঘটে অবশ্য!বহুকাল এ রকম পচা হারের অভিজ্ঞতা থেকে দূরে থাকায় বাধোবাধো ঠেকছে। আমাদের ছেলেদের বড় দলগুলোর বিরুদ্ধে খেলার সাম্প্রতিক ধারাবাহিকতা যথেষ্ট গৌরবময়। কিন্তু এবার একেবারে ‘আউলাঝাউলায়’ পেয়ে বসল।আমাদের দল ভালো খেলতে পারেনি। কেন পারেনি, এই ব্যাখ্যা পাওয়া কঠিন। হয়তো প্রথমেই ব্যাটিং নেওয়া ভুল হয়েছিল, কিংবা পিচের অবস্থার স্টাডি ঠিকমতো হয়নি। আবার এমনও হতে পারে, নিজের মাঠ বলে ওভার-কনফিডেন্সে পেয়ে বসেছিল সবাইকে এবং প্রতিপক্ষের কোনো কোনো বোলারের শক্তিমত্তা ভালোভাবে যাচাই-ই করা হয়নি।দেখলাম, খেলা শুরুর প্রথম থেকেই কেমন নড়বড়ে হাল। তিনটি বল খেলে অভিজ্ঞ তামিম আউট হলেন। কড়া ঠাসবুনটের স্লিপ। বোঝাই গেল, বোলার স্লিপে ক্যাচ ধরানোর উপযোগী বল করবেন। মারার লোভ দেখিয়ে বল করবেন। তা-ই হলো। একই রকম করে তিনটি বল দেওয়া হলো। বোলারের বুদ্ধিটা খেটে গেল। তামিম ঠিক স্লিপেই ধরা খেলেন। মনে হলো, তামিমের বিনা রানে আউট হওয়া দেখে বাকি সবাই যেন হড়বড়ে হয়ে গেলেন। তারপর তো যা হওয়ার তা-ই হলো। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৫৮ রানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিল। বাংলাদেশের ব্যাটিং পর্বটি দেখে মনে হলো যেন শিশুতোষ খেলা দেখছি। শুধু ক্রিজে আসা আর যাওয়া। একেবারেই নবিশ-নবিশ ভাব।আমি অবশ্য আশাবাদীই ছিলাম। একেকজন আউট হয় আর আশায় মন শক্ত করি যে পরের জন টিকে যাবেন। ঠেকিয়ে দেবেন বিপর্যয়। এই করতে করতে যতগুলো ব্যাটিং খুঁটি ছিল, সবই পূর্ববর্তীর পদাঙ্ক অনুসারী হলো। ভাবলাম, তামিম গেছেন তো ইমরুল ঠেকাবেন। কেউ দাঁড়াতে না পারলেও ক্যাপ্টেন সাকিব তো আছেনই। তা-ও যখন হলো না, তখন ভেবে নিলাম, নতুন করে সুযোগ পাওয়া সাতে নামা আশরাফুল নিশ্চয়ই দারুণ কিছু করে আবার হিরো বনবেন এবং টেলএন্ডারদের নিয়েই অন্তত সম্মানজনক একটি স্কোরে পৌঁছে দেবেন নির্ঘাত। কিন্তু হা-কপাল! তেমন কিছুই ঘটল না। তাঁর কুফাগিরি ঘুচল না। ভাবলাম, ঠিক আছে, বোলিংয়ে নিশ্চয়ই কিছু একটা হবে। ওরা যেমন কারিশমা দেখাল, সাকিবরাও তা-ই দেখাবে। ক্রিকেটে এমন হয়। কম স্কোরও দুই দলের দুর্গতির কারণ হয়ে যায় বোলিং-ফিল্ডিংয়ের কারণে। কিন্তু তা-ও হলো না। দেখা যাক, বাকি খেলাগুলোতে পুষিয়ে দিতে পারে কি না—সবাই।