সাঁইজির মরমি গানের সুরে মুখর কালীগঙ্গার তীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালীগঙ্গা নদী গতিহারা। ঘনবদ্ধ কচুরিপানায় এঁদো ডোবার মতো অবস্থা। তার পাশে বসেছে বারোয়ারি মেলা। সেখানে মেহগনি কাঠের খাট-পালঙ্ক থেকে শুরু করে সাধুর গলার ‘চক্রমতি’র মালাসহ হরেক রকমের পণ্যের বিচিত্র শ্বেতশুভ্র চূড়া। উত্তর দিকের ফটকের পাশে বিশাল ব্যানার। তাতে লেখা ‘১২০তম লালন মৃত্যুবার্ষিকী’। দেশ-বিদেশ থেকে আসা সাঁইজি-ভক্তরা বড়ই অসন্তুষ্ট এই ‘মৃত্যুবার্ষিকী’ শব্দটি নিয়ে। তাঁদের বিশ্বাস, সাঁইজির মৃত্যু হয়নি; লোকান্তরিত হয়েছেন তিনি। কুষ্টিয়ার মিরপুরের ‘ভেকধারী’ সাধক দাউদ হোসেন বললেন, ‘সাঁইজি যদি মইরে যাবে, তাইলে এত মাইনশি আসছে কেন? তিনি মরলে তো আমরা আসতাম না। তাঁর দেহত্যাগ হইছে। তিনি আমাদের সঙ্গেই চলেফিরে বেড়াচ্ছেন। অথচ এরা লিখে দেছে তিনি মারা গেছেন।’ গতকাল রোববার পাঁচ দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনের দুপুরে ‘পূর্ণসেবা’ গ্রহণ করেছেন ভক্তরা। তবে তাঁরা মোটেই খুশি হতে পারেননি আয়োজন নিয়ে। কুষ্টিয়ার লালন একাডেমি ১৯৯০ সাল থেকে লালন সাঁইয়ের তিরোধান দিবসে পাঁচ দিনব্যাপী মেলা, সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও গত শনিবার পয়লা কার্তিক অনুষ্ঠানমালা শুরু হয়েছে। তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন। একাডেমি সূত্র জানিয়েছে, এবারের আয়োজনে সারা দেশের লালনের অনুসারী ২৫ হাজার ভেকধারী সাধু অংশ নিচ্ছেন। ভেকধারীরা হলেন দীক্ষাগুরু-স্থানীয় সাধু। প্রতি ভেকধারী সাধুর সঙ্গে অন্তত ২০-৩০ জন সঙ্গী রয়েছেন। এ ছাড়া ভারত, নেপাল, ভুটান, ফ্রান্স, কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সাধুসন্ত ও লোকসংস্কৃতির অনুরাগীরা এবারের আয়োজনে এসেছেন। উপরন্তু, সারা দেশ থেকে লালন সাঁইয়ের বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারী সমবেত হয়েছেন ছেঁউড়িয়ায়। প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাবেশ। আয়োজকেরা বলছেন, এবার পাঁচ দিনে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম ঘটবে ছেঁউড়িয়ায়। লালন সাঁই জীবিতকালে প্রতি দোলপূর্ণিমায় ভক্ত-অনুসারীদের নিয়ে মরমি তত্ত্বালোচনা ও গানের আসর করতেন। তিরোধানের পর থেকে ভক্তরা দোলপূর্ণিমার পাশাপাশি পয়লা কার্তিক ছেঁউড়িয়ায় সাঁইজির সমাধির পাশে সমবেত হয়ে তাঁর চরণে ভক্তি নিবেদন করে গানবাজনা করতেন, সাধুসঙ্গ করতেন। পরবর্তী সময়ে আয়োজনের মেয়াদ দুই দিন, তিন দিন করে এখন পাঁচ দিন। চারপাশটায় ঘুরেফিরে দেখা গেল, সাধুরাই বরং এখন এ আয়োজনে কোণঠাসা। প্রাধান্য পেয়েছে মেলার কেনাবেচা আর গানের আসর। সেই গানের আসরেও সাধুদের অংশগ্রহণের সুযোগ কমছে ক্রমেই। অবশ্য মঞ্চে ওঠার জন্য তাঁরা খুব যে উদগ্রীব, তাও নয়। তবে নিজেদের আয়োজনে নিজেরাই অপাঙেক্তও। মন বেজার করে তাঁরা নদীর পাড় ও সাঁইজির মাজারের আশপাশে ছোট ছোট আসর বসিয়ে একতারা-দোতরা বাজিয়ে গান করছেন। সাধুদের চেয়ে কৌতূলহলী নর-নারীর সংখ্যা বহু গুণ বেশি। তাঁদের কেউ আসছেন কেনাকাটা করতে, কেউ গান শুনতে। সাধনার অংশ হিসেবে সাধুদের অনেকে সিদ্ধি সেবন করেন। মওকা পেয়ে অসাধুর দলও বসে গেছে ছোট কলকেতে বড় তামাকসেবনের কর্মে। এ কারণেও সাধুরা মনঃক্ষুণ্ন। রংপুরের আবদুল মান্নান পাগল বলেন, ‘সাধুসঙ্গ কি আর করমু, বাহে! গায়ের ওপর দিয়া সব অসাধুরা দৌড় দিয়া যাচ্ছে।’সাধুদের মন খারাপের সবচেয়ে বড় কারণ হলো, এবারের সাঁইজির তিরোধানের এই সরগরম আয়োজনে সাঁইজির কোনো বাণী নেই। বরাবরই সাঁইজির গানের কোনো চরণ থাকে আয়োজনের শিরোনাম হিসেবে। এবার তা করা হয়নি। হাজার হাজার ডিজিটাল ফেস্টুনে পুরো কুষ্টিয়া শহর ছেয়ে ফেলা হয়েছে। অথচ সেখানে লালন সাঁইয়ের গানের একটি চরণ উল্লেখ করা হয়নি। গান বাদ দিয়ে সাঁইজিকে কী করে স্মরণ করা যায়, এটাই ভাবতে পারছেন না, মন থেকে মানতেও পারছেন না তাঁর ভক্তরা। চিরাচরিত নিয়ম অনুসারে সাঁইজির তিরোধানের আয়োজনের তিনটি পর্ব থাকে। পয়লা কার্তিক রাতে হয় ‘অধিবাস’। এই পর্বে সাধুসঙ্গের পর রাতে খিচুড়ি খেতে দেওয়া হয়। পরদিন সকালে থাকে ‘বাল্যসেবা’। এই পর্বে সকালে নতুন করে ‘ভেকগ্রহণ’ করেন অনেকে। তারপর পায়েস-মুড়ি খেতে দেওয়া হয়। ভেকগ্রহণের পালা শেষে গানবাজনা, তত্ত্ব-আলোচনা চলতে থাকে। দুপুরে হয় ‘পূর্ণসেবা’। এতে সাদা ভাত ও ইলিশ মাছ আবশ্যিক। সঙ্গে থাকে কলাইয়ের ডাল, সবজি ও দই। সেসব পর্ব অবশ্য পালিত হয়েছে যথারীতি। একাডেমি কর্তৃপক্ষই এসব খানার আয়োজন করে থাকে। আপ্যায়ন কমিটির আহ্বায়ক ইব্রাহিম হোসেন জানালেন, এবার অধিবাসে এক হাজার ৬০০ কেজি চাল-ডালের খিচুড়ি, বাল্যসেবায় ১২০ কেজি চাল, ২০০ কেজি চিনি, ২০ লিটার দুধ ও ১০ কেজি কিশমিশের পায়েস রান্না করা হয়েছে। রোববার পূর্ণসেবায় ৩৫০টি ইলিশ মাছের ভাজা, ৩০০ কেজি কলাইয়ের ডাল, ১৫ মণ সবজি, ৩৫০ মণ দই ও ১৬ কেজি চালের ভাত রান্না করে সাধুদের আপ্যায়ন করা হয়েছে। এরপর যাঁরা থাকবেন, তাঁদের নিজ উদ্যোগেই খানাপিনার ব্যবস্থা করতে হবে।খাবার নিয়ে সাধুদের তেমন অসন্তুষ্টি নেই। তবে তাঁদের প্রধান সমস্যা হলো প্রাকৃতিক কর্মসম্পাদন। হাজার হাজার সাধু ও তাঁদের সেবিকারা ছেঁউড়িয়ায় সমবেত হয়েছেন, কিন্তু প্রয়োজনীয় শৌচাগার নেই। পাকা শৌচাগার মাত্র তিনটি। একাডেমি কর্তৃপক্ষ কালীগঙ্গা নদীর পশ্চিম পাড়ে পলিথিনের ঘেরা দিয়ে এক সারিতে গোটা কুড়ি শৌচাগার তৈরি করেছেন। সেগুলোতে পুরুষেরা কোনোমতে প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করতে পারলেও নারীদের পক্ষে তা ব্যবহার করা বড়ই অসুবিধা। আরেক সমস্যা হলো মাথা গোঁজার ঠাঁই। মাঠজুড়ে বসেছে মেলা। বাদবাকি অংশে অনুষ্ঠানের মঞ্চ। সমাধিচত্বরের ভেতরেও একাডেমি ভবন ও মিলনায়তন নির্মাণ করায় খোলা জায়গা কমে গেছে। বাউলদের মধ্যে যাঁরা আগে এসেছেন, তাঁরা মিলনায়তনের নিচে গাদাগাদি করে লোটাঘটি, কাপড়ের পোঁটলা নিয়ে আসন পেতেছেন। মাঠে কোনো বড় গাছপালাও নেই। তাই অন্যরা কটকটে রোদের মধ্যে নদীর পাড়ে বসে বসে দরদর করে ঘামছেন। কেউ কেউ বাড়ি থেকে আনা ছোট ছোট শামিয়ানা টানিয়ে তার নিচে বসেছেন। সাধুরা হোটেলে উঠবেন না। সংগত কারণেই দুই বা তিন দিন তাঁদের একরকম খোলা আকাশের নিচেই কাটাতে হচ্ছে।এসব নিয়ে কথা হলো লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খানের সঙ্গে। সাধুদের অভিযোগগুলোর জবাব দিতে গিয়ে বলেন, ‘এবার আয়োজনটি হয়েছে স্বল্পসময়ের মধ্যে। তাই পরিকল্পনামাফিক সবকিছু করা যায়নি। ভুলবশত অনুষ্ঠানের আমন্ত্রণ ও প্রচারপত্রে সাঁইজির পঙিক্ত দেওয়া হয়নি। এটা একেবারেই অনিচ্ছাকৃত ত্রুটি। তবে সাধুরা মঞ্চে গান করার সুযোগ পাচ্ছেন না, তা পুরোপুরি ঠিক নয়। সাধুদের সঙ্গে আমরা চেষ্টা করেছি স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের গান করার সুযোগ দিতে। আমাদের স্থানীয় নতুন প্রজন্মের শিল্পীদের পৃষ্ঠপোষকতা দিতে হবে। এত শ্রোতার সামনে গান করার সুযোগ পেলে তারা উৎসাহ পাবে।’ তিনি জানালেন, ১৯৭৬ সালে লালন একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই বছরে দুটি অনুষ্ঠান করা হচ্ছে। এসব অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করে থাকে। একাডেমি বছরে মাত্র দেড় লাখ টাকা সরকারি অনুদান পায়। কাজেই এ ধরনের বড় আয়োজনের জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নিতে হয়। এবার সহায়তা করছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা ব্যক্তিগত সহায়তা করে থাকেন। এসব সীমাবদ্ধতার ফলে অনেক কিছুই পরিকল্পনামাফিক করা যায় না। আর্থিক সংকটের কারণে একাডেমির লালনবিষয়ক গবেষণা কাজ তেমন এগোচ্ছে না বলে তিনি জানান।রোববার সন্ধ্যায় ছিল আলোচনা ও গানের আসর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। লালনের ওপর আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লালন গবেষক আবুল আহসান চৌধুরী। আলোচনা শেষে রাতভর চলে লালন একাডেমির শিল্পী ও বাউলদের গান। বাউলদের পরিবেশিত সাঁইজির গানের মরমি সুরে মুগ্ধ হয় ছেঁউরিয়ায় আসা অগণিত শ্রোতা ও অনুরাগী।