সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি
৯ মার্চ, ২০১১। সেন্ট মার্টিন দ্বীপে ভোর আর কয়টা দিনের মতোই শুরু হয়েছে। মূল জেটির সৈকতের পাশে দাঁড়ালে যেন বিশাল এক গ্যালারি। সেই গ্যালারিতে সমুদ্রের কোমল ঢেউ পায়ের কাছে আছড়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে মিয়ানমারের পাহাড় ভেদ করা সূর্যোদয় উপভোগ করা যায়। সূর্যের স্বর্ণাভা তখন সমুদ্রের পানিকে কাঁচা সোনায় পরিণত করেছে যেন। যেদিকেই চোখ যায় লাল টকটকে সূর্য আর তার লালাভ রশ্মিই তখন একমাত্র আকর্ষণ। সেই সূর্য একসময় রং হারিয়ে টুক করে মাথার ওপর এসে পড়তে চায়। আর সমুদ্রগামী ‘জালুয়া নৌকা’র কান্ডারি ব্যস্ত হাতে বৈঠা চালান, দিনের প্রথম ভাগেই কিছু সামুদ্রিক সম্পদ আহরণের জন্য। সৈকতের বিভিন্ন পেশার মানুষ, কিছু পর্যটক ভোরের ঘুমকে বিদায় দিয়ে তাঁদের কাজে নেমে পড়েছেন। ধীরে ধীরে জেগে উঠছে দ্বীপ। এভাবেই সকাল হলো ক্যাম্পে।আজই টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত বাংলা চ্যানেলের সাড়ে ১৪ কিলোমিটার সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিতে প্রস্তুত ফজলুল কবির সিনা, লিপটন সরকার ও আমি। সাপোর্ট টিমে স্যাটেলাইট নেভিগেটর, সাঁতারের সময় পানি, মধু, স্যালাইন ইত্যাদি এগিয়ে দেওয়ার সহকারী, স্থির ও চলমান চিত্রগ্রাহক ইত্যাদি সবাই পারিবারিক সদস্যদের মতোই তৎপর। বরাবরের মতো কোচের ভূমিকায় আছেন কাজী হামিদুল হক, যিনি এই বাংলা চ্যানেলের পথিকৃৎ। সিনা এর আগে দুবার ও লিপটন পাঁচবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। সুতরাং তাঁদের অভিজ্ঞতার ঘাটতি নেই। কিন্তু আমি এবারই প্রথম। ঝুলিতে রয়েছে শুধু এভারেস্ট জয়ের অভিজ্ঞতা। কিন্তু সেটা এক ভিন্ন জগৎ। সমুদ্র পাড়ি দেওয়া আরেক ঘরানার বিষয়। তবুও সাহসে বুক বেঁধেছি যে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া অসম্ভব কোনো কাজ নয়।২০১০ সালের এভারেস্ট অভিযানে নিজেই নিজেকে সব সময় একটা কথা বলতাম। উচ্চতাজনিত অক্সিজেনের ঘাটতি, আবহাওয়ার চোখরাঙানি আর প্রকটতর ঠান্ডা—এসব ছাপিয়ে এই এপ্রিল-মে মৌসুমে একজন পর্বতারোহীও যদি সফলভাবে এভারেস্টচূড়ায় তার দেশের পতাকা ওড়াতে পারেন, তাহলে সে কাজটি আমিও পারব। প্রচণ্ড মানসিক চাপ সামলে অদম্য মনোবল আর নিখুঁত টিমওয়ার্কের মাধ্যমে সেই অভিযানে সফল হয়েছিলাম ২৩ মে। আমাদের ভালোবাসার লাল-সবুজ পতাকা সেখানে পৌঁছানোর পর থেকে বাংলাদেশ এখন ৬৭তম এভারেস্টজয়ী দেশ।এই জিদটাই বাংলা চ্যানেল জয়ের কঠিন লক্ষ্য নির্ধারণে ঠেলে দিয়েছিল। লিপটন সরকার আর ফজলুল কবির সিনা পারলে বাংলা চ্যানেল আমিও সাঁতরে পাড়ি দিতে পারব—নিজের মনকে ফের একই কথা বলা শুরু করেছিলাম। ঢাকায় বাংলাদেশ নৌবাহিনীর সুইমিংপুলে ফিন, স্নরকেল মাস্ক ইত্যাদি সহকারে বিরামহীন দুই ঘণ্টা সাঁতার কেটে এক প্রস্থ অনুশীলন হয়েছিল। সমুদ্রের পানির সঙ্গে মানিয়ে নিতে সেন্ট মার্টিন দ্বীপের জেটি থেকে ছেঁড়া দ্বীপ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সাঁতরে আরেক দফা অনুশীলন করা হবে। ৮ মার্চ সেই অনুশীলনের সময় দেখি চোখের সামনে সমুদ্রের পাথরের ফাঁকে শত শত নাম না-জানা রঙিন মাছ। কিছু কিছু মাছ আবার কাছে এসে পরখ করতে চায় যে এমন অদ্ভুত আগন্তুক এল কোথা থেকে! হঠাৎ দেখি রূপচাঁদার মতো একটা মাছ। কিন্তু তার পিঠে প্রায় এক ফুট লম্বা একটা দাঁড়ি এবং মাছটির পুরো শরীর সবুজ, নীল, লালসহ বিভিন্ন রঙে সাজানো। অদ্ভুত! যেন এক জীবন্ত অ্যাকুরিয়ামের মধ্য দিয়ে অনুশীলন চলছে।কিন্তু সেদিন ছেঁড়া দ্বীপ পৌঁছার ঠিক এক কিলোমিটার আগে হঠাৎ পায়ে ‘মাসল পুল’ করল। তীব্র ব্যথায় যখন আর সাঁতরাতে পারছিলাম না, মনে হচ্ছিল ডুবে যাচ্ছি। এ সময় কোনোমতে নিজেকে ভাসিয়ে রেখে পানির মধ্যেই হাত দিয়ে পায়ের আঙুল টেনে ধরলাম, যাতে পায়ের পেশিতে একটু ঢিল পড়ে। এভাবে খানিকটা সময় কাটিয়ে ফের সাঁতরে যেতে শুরু করলাম ছেঁড়া দ্বীপের দিকে। আবার মাসল পুল করে, আবারও থেমে শরীরকে কোনোমতে ভাসিয়ে রেখে হাত দিয়ে পা টেনে পেশিকে সহজ করার চেষ্টা চলে। এভাবেই ছেঁড়া দ্বীপ পৌঁছে সেদিনের মতো অনুশীলনে ইতি টানা হলো।এতটুকু অভিজ্ঞতা নিয়েই ৯ মার্চ সকাল নয়টার দিকে ট্রলারে করে সবাই সেন্ট মার্টিন দ্বীপ থেকে রওনা দিলাম টেকনাফের শেষ স্থলভাগ বদর মোকামের দিকে। বাংলাদেশ নৌবাহিনীর চৌকস সাঁতারু ও ডুবুরির দল, তাদের রাবারের স্পিডবোট, কোস্টগার্ডের কর্মকর্তা, আমাদের ভাড়া করা ট্রলার, সাধারণ নৌকা ইত্যাদির এক বিশাল বহর চলেছে অভিযানে। তবে গতকালের তুলনায় ঢেউ আজ অনেক বেশি। ট্রলারের সামনের আর পেছনের দিক বারবারই আকাশমুখী হচ্ছে, এত বড় বড় ঢেউ। এর ভেতর দিয়েই সাঁতরে পার হতে হবে? এটা ভাবতেই যেন মন দমে যায়। কিন্তু মনকে সাহস জোগাতে থাকি যে, এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে লিপটন আর সিনাও নিশ্চয়ই সাঁতার কাটবেন। আর তাঁরা পারলে আমিও পারব।জোয়ার ভাটার হিসাব করে দেখা গেল আমরা যদি দুপুর ১২টার দিকে সাঁতরে সেন্ট মার্টিন দ্বীপের দিকে রওনা দিই, তাহলে ভাটার টানে সাঁতার কাটা সহজ হবে। সে অনুযায়ী সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছি। যতই সময় ঘনিয়ে আসছে, ততই যেন বাতাসের তীব্রতাও বেড়ে গেল সেই ভর দুপুরে। সে সময় বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ের পাগলামিও যেন তুঙ্গে। আমরা সাঁতরাব উত্তর থেকে দক্ষিণে। কিন্তু বাতাস বইছে পশ্চিম থেকে পূর্ব দিকে। অর্থাৎ সাঁতারের গতিপথ বাতাস ও স্রোতের পুরোই আড়াআড়ি। ট্রলার আর নৌকার মাঝিকে বলে দেওয়া হলো সাঁতারুদের বাঁ দিকে থেকে সেন্ট মার্টিন দ্বীপের দিকে এগিয়ে যাওয়ার জন্য। না হলে তা বাতাসের ধাক্কায় সাঁতারুদের গায়ের ওপর চলে আসতে পারে।সাঁতারের পোশাক, স্নরকেল মাস্ক ইত্যাদি পরে নিয়ে সমুদ্রে নামতে নামতে সোয়া ১২টা। কিন্তু এমন ঢেউ যে সাগরে নামাই যেন দায়। এরপর কোনোমতে নামতেই পানির মধ্যে পথ ভুলে ফের পাড়ের দিকে যেই না সাঁতরে গেছি, নৌকা, ট্রলার আর স্পিডবোটে থাকা সবাই হইহই করে পথের নিশানা ঠিক করে দিলেন। এভাবে ঘণ্টা খানেক সাঁতার কাটার পর নাফ নদী আর সমুদ্রের মিলনের ফলে সৃষ্ট ঘোলাটে পানির অংশ পার হয়ে এলাম। এরপরই ঢেউয়ের পাগলামি বেড়ে গেল বহুগুণ। একবার ঢেউয়ের মাথায় গিয়ে উঠি তো আরেকবার মাথার ওপর দিয়ে ঢেউ চলে গিয়ে পানির নিচে। স্নরকেল পাইপ দিয়ে সমুদ্রের তীব্র লবণাক্ত পানি মুখের ভেতর চলে আসে। একেবারে টালমাটাল অবস্থা। মনোবল হারাতে শুরু করলাম। বাকি অংশটুকু সাঁতরে যেতে পারব কি না, সেই আত্মবিশ্বাস যেন ফিকে হয়ে আসতে শুরু করেছে। আমার মনের অবস্থা হয়তো লিপটন সরকার বুঝতে পারলেন। সাঁতরে কাছে এসে বললেন, এমন ঢেউ থাকবেই। এটা কোনো সমস্যা নয়। কিছুক্ষণ পর তাঁকে হারিয়ে ফেললাম। এ সময় মাথা তুলতেই দেখি চারপাশে যেন ট্রলারের মেলা লেগেছে। টেলিভিশনে ব্যক্তিগতভাবে অনুষ্ঠান প্রস্তুতকারী এক ব্যক্তি একেবারে ১০ হাত দূর থেকে তাঁর ট্রলার চালিয়ে চলে গেলেন। সেই ঢেউয়ে মাথা চরকি দোলার মতো ঘুরছে। এরপর মড়ার ওপর যেন খাঁড়ার ঘা। হঠাৎ দেখি একটা ট্রলার নিয়মের তোয়াক্কা না করে ডান দিকে চলে এসেছে। ঠিক যেই ভয়টা করছিলাম। ইঞ্জিন বন্ধ থাকায় বাতাসের ধাক্কায় ট্রলারটা একেবারে গায়ের ওপর এসে পড়ল। এইইই! ট্রলারের তলায় ঢুকে যাচ্ছি-ই-ই-ই! এবার মনে হয় মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। এমন সময় কোথা থেকে যেন দুটো হাত এসে টেনে তুলল ট্রলারের ওপর। জানতে পারলাম পায়ের পেশিতে টান পড়ায় ফজলুল কবির সিনা সাঁতার শেষ না করেই ট্রলারে উঠে পড়েছেন এবং তাঁকে শুশ্রূষা করা হচ্ছে।এবার মিনিট পাঁচেক সুস্থির হয়ে নির্দেশ দিলাম সব ট্রলার যেন নিজ গন্তব্যে চলে যায়, শুধু নৌবাহিনীর রাবারের স্পিডবোট থাকলেই চলবে। এমন সময় নৌবাহিনীর ডুবুরিরা বলছিলেন আর না সাঁতরাতে। কারণ, অজানা কারণে সমুদ্র আজ ভয়ানক উত্তাল। প্রতিটি ঢেউ এই মাঝসমুদ্রে ‘হোয়াইট হর্স’ বা সাদা ফেনা সৃষ্টির মধ্য দিয়ে শেষ হচ্ছে, যা কোনো ভালো লক্ষণ নয়। কিন্তু ভাবছিলাম এখানেই হেরে গেলে চলবে না। এমন চিন্তায় ফের নেমে পড়লাম সমুদ্রে। এবার একটানা সাঁতরে গেছি। পাশে ছিল শুধু স্পিডবোট। মাঝেমধ্যে শুধু কয়েকবার পাওয়ার জেল, পানি, ডাবের পানি, স্যালাইন ইত্যাদি খেয়েছি। এভাবে চার ঘণ্টা ৫৭ মিনিটে পৌঁছেছি যখন সেন্ট মার্টিন দ্বীপে, সবাই আনন্দে মাতোয়ারা। লিপটন সরকার তাঁর সাঁতার শেষ করেছিলেন চার ঘণ্টায়। সবাই কৃতজ্ঞতার বন্ধনে জড়িয়ে আরেকটা চ্যালেঞ্জ জয়ে সেদিন অগ্রগামী ছিলেন।