সাঁতার শিখতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
কুষ্টিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আজ সোমবার সকালে নাজমুল হোসাইন (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।নাজমুলের বাড়ি মেহেরপুরের গাংনি থানাপাড়ায়। তাঁর বাবার নাম আবদুল বারী।জামিলুর রহমান নামের এক শিক্ষার্থী প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোর ছয়টার দিকে কয়েক বন্ধুর সঙ্গে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে ফুটবল খেলতে যান নাজমুল। খেলা শেষে সকাল সাতটার দিকে তাঁরা মাঠের পাশে একটি পুকুরে গোসল করতে নামেন। নাজমুল সাঁতার জানত না বলে ফুটবলের ওপর ভর দিয়ে সাঁতার শেখার চেষ্টা করছিলেন। একপর্যায়ে বলটি ফসকে গেলে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় বন্ধুরা তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। পরে তাঁদের চিত্কারে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা এসে নাজমুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজা ও নাজমুলের সহপাঠীরা হাসপাতালে ছুটে যান। সকাল সাড়ে ১০টার দিকে নাজমুলের বাবা হাসপাতালে এলে তাঁর কাছে লাশ হস্তান্তর করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।