সাঁথিয়ায় সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার খান মামুদপুর গ্রামে আজ রোববার সকালে পুকুরের মালিকানাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মামুদপুর গ্রামের আবদুল আওয়াল তাঁর পুকুর আবদুল হামিদের কাছে বিক্রি করেন। হামিদ পুকুরটি বিক্রি করতে চাইলে আওয়াল তা ফেরত চান। কিন্তু হামিদ পুকুরটি জিয়াউর রহমান নামের আরেকজনের কাছে বিক্রি করেন। আবদুল আওয়াল পুকুরটি ফেরত চেয়ে আদালতে মামলা করেন।আজ সকাল সাড়ে নয়টার দিকে জিয়াউর রহমান লোকজন নিয়ে পুকুরটির দখল নিতে যান। এ সময় আওয়ালের সমর্থকেরা বাধা দিলে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ঘটনাস্থলে আওয়ালের আত্মীয় আবুল কালাম আজাদ (৩৫) নিহত হন।সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, আহত ১০ জনের মধ্যে ছয়জনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। আবদুস ছাত্তার (৬৩) ও সুজন হোসেনকে (৩০) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল আওয়াল ধোপাদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং জিয়াউর রহমান আওয়ামী লীগের সমর্থক। তবে এ সংঘর্ষ দলীয় বিরোধে ঘটেনি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল কালাম আজাদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।