সাঁথিয়ায় একটি সেতুর অভাবে ৭০ হাজার মানুষের দুর্ভোগ
‘এহানে বিরিজ হওয়ার কথা শুইন্যা আসত্যাছি ১৫ বছর ধইর্যা। এক মন্ত্রী বিরিজ দেওয়ার কথা কয়া ভিত্তিপ্রস্তর দিয়্যা বিদায় নিছে। আরেক মন্ত্রী তো বিরিজের কথা কিছুই কয় না। আসলে আমাগরে ভাগ্যে বিরিজ নাই।’ ক্ষোভ ও আক্ষেপ নিয়ে কথাগুলো বলেন, পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল মতিন (৫৫)। শুধু আবদুল মতিনই নন, সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া, নন্দনপুর ও ধুলাউড়ি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের প্রায় ৭০ হাজার মানুষের মধ্যে হাটবাড়িয়া বাজারসংলগ্ন ইছমতি নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ার বেদনা কাজ করছে। অথচ এই স্থানে বিগত জোট সরকারের মন্ত্রী ও এলাকার তত্কালীন সাংসদ মাওলানা মতিউর রহমান নিজামী সেতু নির্মাণের ঘোষণা দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেতু নির্মাণের জন্য জোট সরকারের সময় দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নির্বাচন, মাটি পরীক্ষাসহ অনেক কাজই এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নানা জটিলতার কারণে থেমে যায় সেতু নির্মাণের কাজ। স্থানীয় ব্যক্তিরা জানান, এলাকার বর্তমান সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক এই স্থানে সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সেতু নির্মাণের কোনো উদ্যোগই লক্ষ করা যাচ্ছে না। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হাটবাড়িয়া বাজারের অবস্থান। এই বাজার থেকে ভুলবাড়িয়া ঘাটে ইছামতি নদীর ওপর পাকা সেতু না থাকায় নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া, সিদ্ধিনগর, দাড়ামুদা, জোড়গাছা, নন্দনপুর, কান্ধাপাড়া, খয়েরবাড়িয়া, শংকরপাশা, পাকড়িয়া, পিয়েদহ, বোয়ালমারি; ভুলবাড়িয়া ইউনিয়নের চৌবাড়িয়া, ভায়নাপাড়া, চুলকাটাই, গণেশপুর; ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার, রাউতি, হাঁপানিয়া, ফুলবাড়িয়াসহ অর্ধশতাধিক গ্রামের মানুষের যাতায়াতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করা হলেও অতিরিক্ত চাপে মাঝেমধ্যেই তা ভেঙে পড়ে। এসময় এলাকাবাসীর দুর্ভোগের আর সীমা থাকে না। সরেজমিনে দেখা যায়, সাঁকোর পূর্ব দিকে অবস্থিত হাটবাড়িয়া বাজার। আশপাশের এলাকার মধ্যে সবচেয়ে ব্যস্ত এ বাজারে প্রতি সোম ও বৃহস্পতিবার হাট বসে। সাঁকোর পশ্চিম দিকের গ্রামগুলো থেকে কয়েক হাজার মানুষ নানারকম কৃষিজ পণ্য ও মালপত্র নিয়ে সেতু পার হয়ে এই হাটে আসেন। এ ছাড়া হাটবাড়িয়া বাজারে রয়েছে কমিউনিটি হাসপাতাল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কেজি স্কুল। চিকিত্সা নিতে প্রতিদিন অসংখ্য মানুষকে সাঁকো পার হয়ে এখানে আসতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। আবার প্রতিদিন শত শত ছাত্রছাত্রী ঝুঁকি নিয়ে পারাপার হয় বাঁশের এই সাঁকো দিয়ে। মাঝেমধ্যেই ছোট ছাত্রছাত্রীরা নদীতে পড়ে যায়। সেদিনের মতো তাদের আর শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া হয় না। হাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘ইশকুলের বাচ্চারা সাঁকো পারাপার হতে গিয়ে খুব ভয় পায়। মাঝেমধ্যে তারা বিপদেও পড়ে।’ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সেতু না হওয়ায় নদীর পশ্চিম দিকের গ্রামগুলোর কৃষকেরা উত্পাদিত ফসল সরাসরি বাজারে নিতে পারেন না বলে সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন। ভায়নাপাড়া গ্রামের কৃষক ফরিদুল (৩৫) দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘আমাগরে এলাকায় সব ফসলই ভালো হয়। কিন্তু বিরিজি না থাকায় সেসব আমরা সরাসরি বাজারে নিতি পারি না। তাই দামে মার খায়া যাই।’ সিদ্ধিনগর গ্রামের দুধ ব্যবসায়ী মন্টু মিয়া (৪৫) বলেন, ‘বিভিন্ন গিরামের থ্যা দুধ নিয়্যা সাঁকোর ওপর দিয়্যা আসার সময় কতবার যে পানিতে দুধ ফালাইছি তার হিসাব নাই।’ এলাকাবাসী জানায়, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকের বাড়ি থেকে ধান ও আর্থিক সহায়তা দিয়ে নদীর ওপরের সাঁকো নির্মাণ করেছেন। সাঁকোর দেখাশোনার দায়িত্বে রয়েছেন ভুলবাড়িয়া গ্রামের তফিজ উদ্দিন জোয়ার্দার (৬৫)। সাঁকো নির্মাণের আগে এই স্থানে তিনি খেয়া নৌকার মাঝি হিসেবে কাজ করতেন। তিনি বলেন, ‘৫০ গিরামের মানুষ এহান দিয়্যা পার হয়। এ পর্যন্ত কতজন যে এই সাঁকো ভাইঙ্যা গাঙে পড়িছে তার ঠিক নাই। এহানে পাকা বিরিজ না হওয়া পর্যন্ত মানুষের আর শান্তি নাই।’ জোড়গাছা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, ‘সন্ত্রাসকবলিত এই এলাকায় খুনসহ নিয়মিতভাবে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু সেতু না থাকায় পুলিশপ্রশাসন সময়মতো কখনোই এ এলাকায় আসতে পারে না। যার ফলে সন্ত্রাসী কর্মকাণ্ড কমছে না।’ ভুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সেতু নির্মিত হলে শুধু ইউনিয়নবাসীই নয়, দূর-দূরান্তের লোকজনও উপকৃত হবে। সেতু নির্মাণের ব্যাপারে এলাকার সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডিও লেটার দিয়েছেন। বিষয়টি এলজিইডি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাঁথিয়ার উপজেলা প্রকৌশলী তাজমিল খান বলেন, ‘হাটবাড়িয়ায় সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কাজ করতে অনীহা প্রকাশ করায় সেতুটি নির্মিত হয়নি। পুনরায় দরপত্র আহ্বানের প্রস্তাবনা আমরা সংশ্লিষ্ট দপ্তরে দিয়ে রেখেছি।’