সাঁথিয়ায় মাসে পাঁচ খুন
পাবনার সাঁথিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, বোমাবাজি এ উপজেলার প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে চরমপন্থীদের তৎপরতা আবারও বেড়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দেড় মাসে উপজেলায় পাঁচটি হত্যা, দুটি গণডাকাতিসহ প্রচুর চুরি, ছিনতাই, চাঁদাবাজি, চাঁদা না পেয়ে কুপিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে। সন্ধ্যা হলেই উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে নেমে আসছে আতঙ্ক।থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়াায় প্রায়ই খুনের ঘটনা ঘটলেও সম্প্রতি তা আরও বেড়েছে। ৯ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সময়ে উপজেলায় খুনের ঘটনা ঘটেছে পাঁচটি। সর্বশেষ ২০ অক্টোবর রাতে নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমাড়ি গ্রামে চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে নিজ দলের সদস্যদের হাতে খুন হন বিশু নামে চরমপন্থীর এক সদস্য। ১০ অক্টোবর রাতে স্বরভবানীপুর গ্রামে চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন মাসুদ ওরফে ন্যাংড়া মাসুদ। ৩০ সেপ্টেম্বর উপজেলার বন্দিরামপুর গ্রামে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শীতল নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে। এ ঘটনার জের ধরে ১ অক্টোবর রাতে প্রতিপক্ষের লোকজনের হামলায় ওই গ্রামের আবদুর রউফ ওরফে আনু নামের এক ব্যক্তি নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় লুটপাটের ঘটনাও ঘটে। ২৫ সেপ্টেম্বর রাতে উপজেলার নন্দনপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে ফজলুল হক নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহত ফজলুল হকের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। ৯ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে কাশীনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামে কাশীনাথপুর কলেজের ছাত্র শফিকুল ইসলাম খুন হন। এ ছাড়া ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার আলোকদিয়ার গ্রামের মাঠে র্যাবের সঙ্গে ক্রসফায়ারে আবদুর রশিদ নামের এক চরমপন্থী নেতা নিহত হন।এদিকে গত ২৬ ও ৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার নন্দনপুর, দাড়ামুদা, রামচন্দ্রপুর, হাঁপানিয়াসহ কয়েকটি গ্রামের কমপক্ষে ২০টি বাড়িতে গণডাকাতি সংঘটিত হয়। ১৫ অক্টোবর রাতে উপজেলার আতাইকুলা থানার গোহাইলবাড়ী গ্রামের বিভিন্ন বাড়ি থেকে একদল ডাকাত গরু লুট করে। লুট করা গরু ট্রাকে উঠিয়ে পালানোর সময় ট্রাক উল্টে শাহীনুর (৪০) নামের এক ডাকাত নিহত হন। ১৯ অক্টোবর গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল সাঁথিয়া বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ছয়টি দোকান থেকে ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে।৯ অক্টোবর রাত নয়টার দিকে উপজেলার হাঁপানিয়া গ্রামে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালায়। তারা বোমা ফাটিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। এ সময় গ্রামবাসীরা একত্র হয়ে আফতাব ও মহসিন নামের দুই সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী মাহমুদপুর গ্রামের রাস্তায় বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। এতে একজন আহত হয়। ১২ অক্টোবর রাতে সন্ত্রাসীরা বারোয়ানি গ্রামে বোমা ফেলে রেখে যাওয়ার পর পুলিশ তা উদ্ধার করে।এদিকে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোয় চরমপন্থীদের তৎপরতা একসময় বেশ কমে গেলেও সম্প্রতি তা ব্যাপকভাবে বেড়ে গেছে। এলাকাবাসীরা জানান, উপজেলার অন্যতম চরমপন্থী অধ্যুষিত এলাকা ভুলবাড়িয়া ও ধুলাউড়ি ইউনিয়নে দীর্ঘদিন ধরে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি একচ্ছত্র আধিপত্য চালিয়ে আসছিল। ৫ সেপ্টেম্বর এই দলের আঞ্চলিক প্রধান আবদুর রশিদ র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার পর দলের সদস্যরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এই সুযোগে এলাকাছাড়া আরেক চরমপন্থী সংগঠন জনযুদ্ধের ক্যাডাররা এলাকায় ফিরে তৎপরতা শুরু করে। তারা নিজেদের শক্তি জানান দিতে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। খোঁজ নিয়ে জানা যায়, ৮ অক্টোবর চাঁদা না পেয়ে জনযুদ্ধের ক্যাডাররা উপজেলার সুন্দরকান্দি গ্রামের ফজর আলী, হজরত আলী, মোন্তাজ আলীসহ পাঁচজনকে কুপিয়ে আহত করে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পুরো নিয়ন্ত্রণে আছে। তবে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, তা নিতান্তই বিচ্ছিন্ন ঘটনা। সমাজে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটেই থাকে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ ব্যাপকভাবে তৎপরতা বাড়ানোর পাশাাপাশি আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট রয়েছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকার কিছু কিছু স্থানে চরমপন্থীদের আনোগোনা বেড়ে যাওয়ার খবর আমরাও পেয়েছি। চরমপন্থীদের দমনে পুলিশ নিজস্ব কৌশলে এগোচ্ছে।’সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজামউদ্দিন বলেন, ধুলাউড়ি, ভুলবাড়িয়া ও নন্দনপুর ইউনিয়নের কিছু এলাকায় চরমপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ায় সেসব এলাকায় আইনশৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার মাসিক সভায় আলোচনা হয়েছে। বিষয়টি এলাকার সাংসদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকেও জানানো হয়েছে।