সাংকেতিক ভাষার গল্পটা সহজ করে বলেছি
নাট্যধারা মঞ্চে এনেছে নতুন নাটক রথের রশি। মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ সন্ধ্যায়। রবীন্দ্রনাথের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার। নাটকটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।রবীন্দ্রনাথের ‘রথের রশি’ নাটকটি তো অনেকেই মঞ্চে এনেছে। নাট্যধারার নাটকটির আলাদা কোনো বিশেষত্ব রয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি নিয়ে অনেক কাজ হয়েছে। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা নাটক। রবীন্দ্রনাথ তাঁর নাটকে একধরনের সাংকেতিক ভাষা ব্যবহার করেন। তিনি শিল্পরস ও নান্দনিকতার মধ্য দিয়ে এক অলংকারিক রূপকল্প তৈরি করেন। সঙ্গে এই নাটকে আছে তৃণমূলের ভাষা, আছে বাস্তবতা। সব ব্যাপার সমন্বয় করা দূরূহ কাজ। আমি শুধু সাংকেতিক ভাষার সহজ-সরল গল্পটাকে সরাসরি বলার চেষ্টা করেছি।‘রথের রশি’ গল্পটা এই সময়ে কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন?রবীন্দ্রনাথ রথের রশির যে কাঠামো দিয়েছেন, এখানে যে পুঙ্খানুপুঙ্খ ভাষা ব্যবহার করেছেন, অতীত-বর্তমান-ভবিষ্যৎকে একাকার করে দিয়েছেন, এটা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। যেকোনো সময়ের সঙ্গেই এর মিল রয়েছে। আমি মনে করি, বিশ্ব ব্রহ্মাণ্ডে রথের রশি কালোত্তীর্ণ এক ধ্রুপদি নাট্য আয়োজন হয়ে আছে।রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে নাটকটির কতটা মিল রয়েছে?রবীন্দ্রনাথ যে জায়গা থেকে রথের রশিকে ভেবেছেন, আমি শুধু ওই জায়গার গন্ধটাকে ধরার চেষ্টা করেছি মাত্র। সহজ ভাষায়, রবীন্দ্রনাথের রথের রশিকে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ না রেখে সর্বভারতীয় করার চেষ্টা করেছি।আজ তো উদ্বোধনী প্রদর্শনী হচ্ছে, দর্শকদের জন্য নিয়মিত প্রদর্শনী কবে থেকে হবে?রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে এবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ১৪টি নাটকের দলকে অনুদান দেওয়া হয়েছে। তারই আওতায় তৈরি হয়েছে নাটকটি। ২৪ জুন থেকে দর্শক নিয়মিত নাটকটি উপভোগ করতে পারবে। ওই দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।