সাংগঠনিক অবস্থার উন্নতি, ব্যর্থ বিরোধী দলের ভূমিকা পালনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সময় সংকটে পড়লেও গত এক বছরে সাংগঠনিকভাবে অনেকটা গুছিয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বিরোধী দল হিসেবে সংসদে দলটি যথাযথ ভূমিকা পালন করেনি। দ্বিতীয় অধিবেশন থেকেই বিএনপি সংসদ অধিবেশন বর্জন করে আসছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করেন, বিরোধী দল হিসেবে সরকারের কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন তাঁরা। বিএনপি নেতারা বলেন, ২০০৯ সাল ছিল দলের জন্য সফলতার বছর, ঘুরে দাঁড়ানোর বছর।সংসদ বর্জন নিয়ে বিএনপির ভেতরেই দ্বিমত আছে এবং নাম প্রকাশ না করে বিভিন্ন সময় কয়েকজন সাংসদ সে মত প্রকাশও করেছেন। তাঁরা মনে করেন, সংসদকে কার্যকর করতে বিএনপি যথাযথ ভূমিকা রাখতে পারেনি। এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় সামনে বিভিন্ন কাজে বিএনপিকে প্রশ্নের মুখে পড়তে হবে।বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাও মনে করেন, বিশেষ করে ২০০৯-২০১০ অর্থবছরে বাজেট পাসের সময় দলটির সংসদে অনুপস্থিত থাকা ও সামনের সারিতে আসন বৃদ্ধির দাবিতে সংসদ বর্জন ঠিক হয়নি, বিষয়টি ব্যাপক সমালোচিতও হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সংসদকে কার্যকর করতে বিরোধী দল ব্যর্থ হয়েছে। তা ছাড়া প্রতিহিংসার রাজনীতি পরিহার করে উদারতা দেখানোর ক্ষেত্রেও বিরোধী দলের মধ্যে সংকীর্ণতা ছিল।প্রথম অধিবেশনের পর বিএনপি টানা ৪৮টি কার্যদিবস সংসদে অনুপস্থিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিএনপি সংসদে যেতে চায়; কিন্তু সরকার পরিবেশ তৈরি করছে না। একই কথা বলেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাও।তবে বিএনপির এই দাবিকে অযৌক্তিক বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। তিনি বলেন, ‘সংসদ কারও সম্পত্তি নয়। এখানে কেউ কাউকে আসতে বাধা সৃষ্টি করতে পারে না। আলাদা পরিবেশ সৃষ্টিরও প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘বিরোধী দলের দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ হয়েছে।’নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। তিনি বলেন, শুরুতেই সংসদ বর্জনের দিকে না গেলে বিএনপি দলীয়ভাবেও অনেক লাভবান হতো।সাংগঠনিক অবস্থার অনেকটা উন্নতি: বিএনপির নেতারা মনে করেন, গত বছরটি ছিল বিএনপির জন্য সাংগঠনিক বছর। নানা ভাগে বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক অবস্থাকে স্থিতিশীল পর্যায়ে আনাই ছিল দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত বছর দলটি এই চ্যালেঞ্জ মোকাবিলা করে অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।দলীয় সূত্র জানায়, বিএনপির ২৪টি জেলায় এখনো কাউন্সিল হয়নি। শতাধিক জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটিও হয়নি। সদস্য সংগ্রহ অভিযানের লক্ষ্যও অর্জন করতে পারেনি দলটি। তৃণমূলের কোন্দলই এর মূল কারণ।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত এক বছরের সফলতা সম্পর্কে প্রথম আলোকে বলেন, দলটির সাংগঠনিক অবস্থার উন্নতির জন্য নেওয়া কর্মসূচির মধ্যে তৃণমূল নেতাদের মতামত সংগ্রহ, সদস্য সংগ্রহ অভিযান, তৃণমূল কমিটি ভেঙে নতুন কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে পুরোপুরি না হলেও অনেকাংশেই সফল হয়েছে। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে নানা পরিকল্পনাও নেওয়া হয়েছে। দল ঘুরে দাঁড়িয়েছে। দলীয় কর্মকাণ্ডে তেমন বড় কোনো ব্যর্থতা নেই বলে তিনি মন্তব্য করেন।এমাজউদ্দীন আহমদ বলেন, বিএনপি অসংগঠিত ও দুর্বল ছিল। গত এক বছরে সে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কাউন্সিল অনুষ্ঠানের আগে ও পরে দলটির সাংগঠনিক অবস্থার ব্যাপক পার্থক্য লক্ষ করা যায়। দল ও দলের নেতা-কর্মীরা এখন অনেকটা তত্পর হয়েছেন।কমিটি নিয়ে বিতর্ক: ৮ ডিসেম্বর কাউন্সিল অনুষ্ঠানের পর দলটি গত ১ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে বিগত সময়ে নানাভাবে বিতর্কিত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন; বিশেষ করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত আসামি আবদুস সালাম ওরফে পিন্টুকে ভাইস চেয়ারম্যান করা, সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়ায় কমিটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তা ছাড়া কখনো রাজনীতি করেননি এমন অনেকেই দলের নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন।ভেঙেছে নির্বাচনী প্রতিশ্রুতি: বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল, নিয়মতান্ত্রিক ওয়াকআউট ছাড়া কোনো দল সংসদ বর্জন করতে পারবে না। টানা ৩০ কার্যদিবস সংসদ বর্জন করলে সংশ্লিষ্ট সাংসদের সদস্যপদ বাতিল হবে। কিন্তু বিএনপির সাংসদেরা ইতিমধ্যে ৪৮ কার্যদিবস সংসদ বর্জন করেছেন।এ ছাড়া নির্বাচনের পর শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে সব নির্বাচিত জনপ্রতিনিধি সম্পদের বিবরণী প্রকাশ করার প্রতিশ্রুতি দেন; কিন্তু দলের সাংসদেরা এখন পর্যন্ত তা পালন করেননি। এ ছাড়া মাদক, এইডস ও নেশাজাতীয় পণ্যের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির কথা উল্লেখ করলেও গত এক বছরে এসব বিষয়ে দলটির তেমন কোনো কর্মসূচি চোখে পড়েনি।